যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দি বিনিময়: নিজ দেশে ফিরলেন ৫২৩ রুশ ও ইউক্রেনীয় সেনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) একদিনে দুই দেশ মোট ৫২৩ জন সেনা মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এই বিনিময় কার্যক্রমের মধ্যস্থতা করেছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত (UAE)। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
রিপোর্টে বলা হয়, বন্দি বিনিময়ের আওতায় রাশিয়া মুক্তি দিয়েছে ২৭৭ জন ইউক্রেনীয় সেনাকে। যাদের মধ্যে অধিকাংশের বয়স ২৫ বছরের কম। এদের মধ্যে অনেকেই যুদ্ধক্ষেত্রে বন্দি হওয়ার পর দীর্ঘদিন নির্যাতন এবং দুর্ব্যবহার সহ্য করেছেন। তাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা যাচাইয়ের জন্য সরাসরি নেয়া হয় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ-এর একটি সামরিক হাসপাতালে।
চিকিৎসা কেন্দ্রে পৌঁছেই তাদের জন্য অপেক্ষমাণ আত্মীয়-স্বজনদের সঙ্গে পুনর্মিলনের আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। অনেকেই কাঁদতে কাঁদতে প্রিয়জনকে জড়িয়ে ধরেন। সন্তান, স্বামী, ভাই বা বাবা ফিরে পাওয়ার অনুভূতি চোখে-মুখে ফুটে ওঠে স্বজনদের।
অপরদিকে, ইউক্রেন মুক্তি দিয়েছে ২৪৬ জন রুশ সেনাকে, যারা যুদ্ধের বিভিন্ন পর্যায়ে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, ছাড়ানো সেনারা রাশিয়ায় পৌঁছেই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।
এই বন্দি বিনিময়ের বিষয়টি সফলভাবে সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর আগে শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতা চেষ্টার অংশ হিসেবে ইউক্রেন ও রাশিয়ার মাঝে যোগাযোগ রক্ষা করে আসছে দেশটি। মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি দুই পক্ষের আস্থাভাজন হিসেবে কাজ করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।
২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এটি চতুর্থ বড় বন্দি বিনিময় কার্যক্রম। চলতি বছরে এটিই সবচেয়ে বড় পরিসরের বিনিময়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময়ে ৪,৫০০-এর বেশি সামরিক ও বেসামরিক নাগরিক মুক্তি পেয়েছেন।
বন্দি বিনিময়ের এমন উদ্যোগ যুদ্ধকালীন মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। যদিও যুদ্ধ এখনো শেষ হয়নি, তবুও এমন মানবিক পদক্ষেপগুলো ভবিষ্যতে আলোচনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বন্দি বিনিময়ের খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনার সম্ভাবনার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক বার্তা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |