| বঙ্গাব্দ

কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 29239 বার পঠিত
কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা
ছবির ক্যাপশন: কলকাতায় মমতার দলের সদর দপ্তর

কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা করল পুলিশ

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

ভারতের কলকাতার টপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা করে দিয়েছে পুলিশ। একই সঙ্গে ভবনটিতে রাজনৈতিক সভা, সমাবেশ ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এ পদক্ষেপ নেওয়া হয়। তবে পুলিশের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনটিতে রাজনৈতিক সভা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট দেখতে পেয়ে কলকাতা পৌর করপোরেশন আনন্দপুর থানায় অভিযোগ জানায়। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এমনকি ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমাপ্তি সনদও (কমপ্লিশন সার্টিফিকেট) পাওয়া যায়নি। এ অবস্থায় সেখানে লোকজনের সমাগম হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটিতে যান। তারা প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করে প্রবেশাধিকার সীমিত করেন। শুধু নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ জানায়, ভবনটির নির্মাণকাজ চলতে পারবে। তবে সেখানে কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলের দলীয় পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন। নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নির্মাণাধীন ভবনে সভা চলাকালে ছাদ ধসে কেউ মারা গেলে এর দায় কে নেবে? শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই দায়ী করা হবে।

এ ঘটনায় কলকাতায় সাংগঠনিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত দুটি ভবনের কোনোটিতেই প্রবেশাধিকার না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির নতুন সমস্যায় পড়েছে।

টপসিয়া রোডের ৩৬জি ঠিকানায় তৃণমূলের মূল সদর দপ্তরটি ২০০০ সালের শুরুর দিক থেকে চালু ছিল। ২০০২ সালের ২০ মে কার্যালয়টির উদ্বোধন করা হয়। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর পুরোনো ভবনটি ভেঙে সেখানে সাততলা নতুন সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নেয় দলটি। প্রায় তিন বছর ধরে ভবনটির পুনর্নির্মাণকাজ চলছে।

বিকল্প ব্যবস্থা হিসেবে ২০২২ সালের মে মাসে মেট্রোপলিটন এলাকার ক্যানাল সাউথ রোডে পাঁচতলা একটি ভবন ভাড়া নেয় তৃণমূল। পরবর্তী সময়ে সেটিই দলের কার্যক্রম পরিচালনার সদর দপ্তর হয়ে ওঠে। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জুলাই মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী ওই কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়।

গত কয়েক দিন ধরে তৃণমূলের আইটি সেল ও দলের অন্যান্য শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে টপসিয়ার নির্মাণাধীন ভবনে সভা করার প্রচার চালাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতেই পৌর করপোরেশন হস্তক্ষেপ করে।

শনিবার ভবনটি পরিদর্শনে যান রাজ্যসভার সদস্য দোলা সেন। তিনি অভিযোগ করেন, পুলিশের এই পদক্ষেপের উদ্দেশ্য দলীয় সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া।

দোলা সেন বলেন, প্রায় ৩০ বছর ধরে জায়গাটি তাদের দলের। এটি তাদের সম্পত্তি এবং সংস্কারকাজ চলছে। শুধু সমাপ্তি সনদ না থাকার কারণে কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের প্রবেশ বন্ধ করতে পারে না।

বৈশ্বানর চট্টোপাধ্যায়ও পুলিশের ব্যারিকেড দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, দলীয় কর্মীরা শুধু নির্মাণকাজ তদারক করতে সেখানে যাচ্ছিলেন। এ বিধিনিষেধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও দলটি চিন্তাভাবনা করছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency