প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের নতুন ছবি ও ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করে প্রায়ই ভক্তদের আলোচনায় থাকেন তিনি। এবার গাঢ় গোলাপি রঙের নকশা করা সালোয়ার-কামিজে নতুন সাজে হাজির হয়ে অনুসারীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তার পোশাক, সাজসজ্জা ও সৌন্দর্যের প্রশংসায় মন্তব্যের ঘর ভরে ওঠে।
প্রকাশিত ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা যায় গাঢ় গোলাপি রঙের একটি আকর্ষণীয় সালোয়ার-কামিজে। পোশাকজুড়ে রয়েছে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলের নকশা এবং পুঁতির অলংকরণ। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক সাজের সমন্বয় তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সাজসজ্জার ক্ষেত্রেও পরিমিত রুচির পরিচয় দিয়েছেন অভিনেত্রী। খোলা ঢেউখেলানো বাদামি চুল, হালকা ব্লাশ, চোখের পরিপাটি মেকআপ এবং গোলাপি লিপস্টিকে নিজেকে সাজিয়েছেন তিনি। সঙ্গে কানে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলের আংটি তার সাজে বাড়তি মাত্রা যোগ করেছে।
ছবিগুলো প্রকাশ করে পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি মাধুর্য, আর অনেকখানি আভিজাত্য’।
এই ক্যাপশনের সঙ্গে মিল রেখে তার নতুন সাজ নিয়েও প্রশংসা করেছেন অসংখ্য অনুসারী। প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত পোস্টটিতে ৩০ হাজারের বেশি রিয়েকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে বলে জানা গেছে।
মন্তব্যের ঘরে অনেকেই পূর্ণিমার দীর্ঘদিনের জনপ্রিয়তা ও সৌন্দর্য নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। একজন অনুসারী লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’
অন্য একজন মন্তব্য করেছেন, পূর্ণিমা এখনো তার ছোটবেলার পছন্দের অভিনেত্রী। ভক্তদের এমন মন্তব্যে উঠে এসেছে দীর্ঘ সময় ধরে অভিনেত্রীর প্রতি দর্শকদের ভালোবাসার বিষয়টি।
শামীম সামি নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা। আমার আম্মা বুড়া হয়ে গেছে।’
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে মো. সম্রাট নামের এক অনুসারীর মন্তব্য। তিনি লিখেছেন, ‘এক সময় আমার দাদার ক্রাশ ছিল। তারপর আমার বাপের ক্রাশ ছিল। এখন আমার ক্রাশ।’
এমন মন্তব্যের মাধ্যমে বিভিন্ন প্রজন্মের দর্শকদের কাছে পূর্ণিমার জনপ্রিয়তার বিষয়টি উঠে এসেছে। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।
বর্তমানে চলচ্চিত্র বা নাটকে পূর্ণিমাকে নিয়মিত দেখা যায় না। তবে মাঝেমধ্যে বিশেষ কিছু কাজে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকেন তিনি।
অভিনয়ে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। এরপর নতুন কোনো অভিনয় প্রকল্পের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারণামূলক কাজেই তার উপস্থিতি বেশি লক্ষ করা যাচ্ছে।
পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও পূর্ণিমার প্রতি ভক্তদের আগ্রহ যে এখনো রয়েছে, তার সাম্প্রতিক ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় সেটিই ফুটে উঠেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |