| বঙ্গাব্দ

বাণিজ্যিক তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ওপেনএআইয়ের মামলা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 42964 বার পঠিত
বাণিজ্যিক তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ওপেনএআইয়ের মামলা
ছবির ক্যাপশন: অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ওপেনএআইয়ের পাল্টা মামলা

প্রযুক্তি বিশ্বের দুই প্রভাবশালী প্রতিষ্ঠান অ্যাপল ও ওপেনএআইয়ের বিরোধ নতুন মোড় নিয়েছে। নিজেদের বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন পণ্য তৈরির উদ্যোগ বাধাগ্রস্ত করতে অ্যাপল বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ওপেনএআই এবং তাদের হার্ডওয়্যার সহযোগী প্রতিষ্ঠান আইও প্রোডাক্টস যৌথভাবে মামলাটি দায়ের করে। এতে ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি অ্যাপলের কথিত কর্মকাণ্ড বন্ধে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। মামলাটি জুরির মাধ্যমে বিচারের আবেদনও জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

ওপেনএআইয়ের অভিযোগ, বাজারে আসার আগেই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইসের নকশা, উৎপাদনপ্রক্রিয়া এবং সরবরাহকারীদের সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করেছে অ্যাপল। এ ঘটনায় ওপেনএআইয়ের সাবেক এক কর্মীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

মামলার নথিতে বলা হয়েছে, ওই কর্মী ওপেনএআইয়ে প্রায় ছয় মাস দায়িত্ব পালন করার সময় প্রতিষ্ঠানের গোপন নথি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি আবার অ্যাপলে যোগ দেন। এরপর ওপেনএআইয়ের নতুন ডিভাইস ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অ্যাপলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য দিয়েছেন বলে সন্দেহ করছে প্রতিষ্ঠানটি।

পাল্টা মামলায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ প্রয়োগের অভিযোগও তুলেছে ওপেনএআই। তাদের দাবি, অ্যাপল এমন কয়েকটি প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করেছে, যারা ওপেনএআইয়ের সঙ্গে কাজ করছিল। এর ফলে একটি প্রতিষ্ঠানকে তাদের জন্য ধাতব যন্ত্রাংশ তৈরির কাজ রাতের পালায় সরিয়ে নিতে হয়েছে। অন্য একটি প্রতিষ্ঠান অ্যাপলের হুমকির কারণে পূর্বনির্ধারিত কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া অ্যাপলের কর্মীরা ব্যক্তিগত আইক্লাউড ও আইমেসেজ অ্যাকাউন্ট ব্যবহার করে দাপ্তরিক কাজ করতেন বলে দাবি করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভিযোগ, পরবর্তী সময়ে এসব ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ডিভাইসে থাকা নথি ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করেছে অ্যাপল।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রথম মামলা করে অ্যাপল। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, তাদের সাবেক দুই কর্মী চ্যাং লিউ ও ট্যাং ইয়ু তান গোপন প্রযুক্তিগত তথ্য এবং বাণিজ্যিক নথি নিয়ে ওপেনএআইকে সহায়তা করেছেন। এসব তথ্য কাজে লাগিয়ে ভোক্তাদের জন্য নতুন প্রযুক্তিপণ্য তৈরির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপলের দাবি, সাবেক কর্মীদের মাধ্যমে তাদের পণ্যের নকশা, উৎপাদনপ্রক্রিয়া ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ গোপন তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে অ্যাপলের এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ওপেনএআই।

অন্যদিকে, ওপেনএআইয়ের পাল্টা মামলাকে মূল অভিযোগ থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন অ্যাপলের এক মুখপাত্র। তার দাবি, অ্যাপলের অপ্রকাশিত পণ্য, প্রযুক্তি ও উৎপাদনপ্রক্রিয়া সম্পর্কিত গোপন তথ্য চুরি এবং সেগুলো ব্যবহারের অভিযোগই মূল মামলার বিষয়।

প্রযুক্তিপণ্য তৈরির বাজারে দুই প্রতিষ্ঠানের প্রতিযোগিতা বাড়ার পেছনে রয়েছে ওপেনএআইয়ের একটি বড় উদ্যোগ। ২০২৫ সালের জুলাইয়ে অ্যাপলের সাবেক নকশাপ্রধান জনি আইভ প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান আইও প্রোডাক্টস অধিগ্রহণ করে ওপেনএআই। এরপর থেকে ভোক্তাদের জন্য নতুন প্রযুক্তিপণ্য তৈরির ক্ষেত্রে অ্যাপল ও ওপেনএআইয়ের মধ্যে প্রতিযোগিতা আরও জোরালো হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency