| বঙ্গাব্দ

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 59997 বার পঠিত
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান আনছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ/এ-এক্সএক্স’ পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই চালকবিহীন অত্যাধুনিক যুদ্ধবিমান বা ড্রোন বহরে যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনীর বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর সঙ্গে এসব ড্রোন পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। মার্কিন সিনেটের এক শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি এ পরিকল্পনার কথা জানিয়েছেন।

নতুন এই চালকবিহীন যুদ্ধবিমানগুলোর নাম দেওয়া হয়েছে ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ)। তুলনামূলক কম খরচে তৈরি এসব ড্রোন বিমানবাহী রণতরীর আক্রমণক্ষমতা ও যুদ্ধ পরিচালনার পরিধি বাড়াবে। একই সঙ্গে পাইলটচালিত যুদ্ধবিমানের পাশাপাশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে অংশ নিতে পারবে এগুলো।

২০২৫ সালে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে এসব ড্রোনের নকশা তৈরির কাজে যুক্ত করা হয়।

এর আগে বিমানবাহী রণতরীর জন্য ‘এমকিউ-২৫ স্টিংরে’ নামের একটি চালকবিহীন বিমান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ওই ড্রোনের মূল কাজ আকাশে অন্য যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করা। নতুন সিসিএ ড্রোনগুলো সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নিতে পারবে।

এ ছাড়া মার্কিন নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কর্পসের মধ্যে সমন্বিত নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে এক বাহিনীর পাইলটরা প্রয়োজনে অন্য বাহিনীর চালকবিহীন যুদ্ধবিমানও পরিচালনা করতে পারবেন।

২০২৪ সালের ডিসেম্বরে চীন যুক্তরাষ্ট্রের আগেই তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করে। এরপর ওয়াশিংটনে নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত এগিয়ে নেওয়ার তৎপরতা বাড়ে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ‘এফ/এ-এক্সএক্স’ এবং বিমানবাহিনীর ‘এফ-৪৭’ এখনো পরীক্ষামূলক উড্ডয়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি। ফলে আকাশপথে সামরিক আধিপত্য ধরে রাখতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের অপেক্ষা না করে চালকবিহীন যুদ্ধবিমান মোতায়েনের দিকে এগোচ্ছে দেশটি।

বিশ্লেষকদের মতে, পাইলটচালিত যুদ্ধবিমানের সঙ্গে চালকবিহীন যুদ্ধবিমানের সমন্বয় ভবিষ্যতের আকাশযুদ্ধের কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency