| বঙ্গাব্দ

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 56616 বার পঠিত
বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ছবির ক্যাপশন: বাংলাদেশসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, চীন ও ভারতসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে ভিয়েতনামের পণ্যে। অন্য ১২টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর ১৮ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে।

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে মোট শুল্কের হার দাঁড়ায় ২৫ শতাংশ। নতুন প্রস্তাব কার্যকর হলে অতিরিক্ত শুল্কের প্রভাব পড়তে পারে বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর।

বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। গত মার্চে হোয়াইট হাউস অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করেছিল। সেই তদন্তের ধারাবাহিকতায় নতুন শুল্কের প্রস্তাব এসেছে।

এর আগে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক অবৈধ ঘোষণা করে স্থগিত করেছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন প্রস্তাবে কয়েকটি দেশের ক্ষেত্রে শুল্কের হার কম রাখার বিষয়টিও রয়েছে। কারণ, এসব দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা করেছে ট্রাম্প প্রশাসন।

নতুন শুল্কের প্রস্তাবের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো—বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency