প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সামরিক অভিযানের সময় দেশটিকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেওয়া এবং ভারতের অভ্যন্তরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের কারণে নরেন্দ্র মোদি সরকারের নীতির সমালোচনা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের আগের সরকারগুলো ইসরাইলের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখলেও নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সম্পর্ক প্রকাশ্য রূপ পেয়েছে। ২০১৪ সালের আগে ভারত ইসরাইলের কাছ থেকে অস্ত্র কিনলেও বিষয়টি আড়ালে রাখতে পতাকাবিহীন জাহাজ ও গোপন রাষ্ট্রীয় সফরের মতো ব্যবস্থা নেওয়া হতো।
২০১৬ সালে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ হায়দরাবাদে ইসরাইলের এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথ উদ্যোগে ‘হার্মিস ৯০০’ ড্রোন তৈরির কারখানা স্থাপন করে। ইসরাইলের বাইরে এ ধরনের প্রথম কারখানা হিসেবে এটিকে উল্লেখ করা হয়।
নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লারেল আল-জাজিরাকে বলেন, হায়দরাবাদের কারখানায় মূলত ইসরাইলি নকশায় তৈরি ড্রোনের চূড়ান্ত সংযোজন করা হয়। তবে প্রকৃতপক্ষে কতটুকু প্রযুক্তি হস্তান্তর হয়েছে, তা স্পষ্ট নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিকে এবং ২০২৪ সালের শুরুতে ভারত থেকে ইসরাইলে এসব ড্রোনের চালান পাঠানো হয়েছিল। ওই সময় গাজায় সামরিক অভিযানে একই মডেলের কিছু ড্রোন ব্যবহারের তথ্যও সামনে আসে।
গত ৩০ জুলাই প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘মেড ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালানের তথ্য নথিভুক্ত করার কথা বলা হয়েছে। প্রতিবেদনে নয়টি ভারতীয় প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ণ মালিকানাধীন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, এসব প্রতিষ্ঠান অস্ত্র রপ্তানি করলে কার্যত ভারত রাষ্ট্রই অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত থাকে। তবে এ অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি কোনো জবাব না দিয়ে দেশটির কৌশলগত বাণিজ্যের জন্য শক্তিশালী আইনি কাঠামো থাকার কথা জানান।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে ভারত ইসরাইলকে যুদ্ধবিমান, বোমা ও অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করছে—এমন অভিযোগও আগে উঠেছিল। ২০২৬ সালের মে মাসে ফিলিস্তিনপন্থী বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস (বিডিএস) আন্দোলন এবং ‘নো হারবার ফর জেনোসাইড’ জোট ভারত থেকে ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
প্রতিবেদনে ভারতের কূটনৈতিক অবস্থানের পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ২০১৪ সালের জুলাই ও আগস্টে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের সময় ভারতীয় সংসদের উচ্চকক্ষে ইসরাইলের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণে মোদি সরকার বাধা দিয়েছিল বলে উল্লেখ করা হয়। ২০১৫ ও ২০১৬ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইসরাইলের সামরিক অভিযানের জবাবদিহি চেয়ে আনা প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকে।
২০১৭ সালে নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও তিনি দেশটি সফর করেন। অন্যদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, পররাষ্ট্রনীতি আদালতের এখতিয়ারের বাইরে।
লেইডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস ব্লারেল বলেন, সত্তরের দশক থেকে ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট থাকলেও বর্তমানে তা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁর মতে, মধ্যপ্রাচ্যের কূটনীতিকদের কাছেও ফিলিস্তিন ইস্যুতে ভারতের বর্তমান অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়।
গবেষক ও লেখক আজাদ এসাও ভারতের নীতির সমালোচনা করেছেন। তাঁর মতে, গাজায় যুদ্ধের সময় ইসরাইলে অস্ত্র পাঠানো, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায় যোগ না দেওয়া, ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন না করা এবং দেশের অভ্যন্তরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের মতো পদক্ষেপ ভারতের ফিলিস্তিননীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।
অন্যদিকে, থিঙ্কট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক কবির তানেজা মনে করেন, ইসরাইলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার পেছনে দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর মতে, বর্তমানে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ ভারত বাণিজ্য ও নিরাপত্তার প্রয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম। ইসরাইলের সঙ্গে সম্পর্কও সেই কৌশলগত বাস্তবতার অংশ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |