দালাল ছাড়া কিংবা ঘুষ না দিলে সেবা পাওয়া কঠিন—সিলেটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার গাড়ির ফিটনেস নবায়নে বিশেষ সংকেত ব্যবহার করে দালালের মাধ্যমে ঘুষ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) বিআরটিএ সিলেট কার্যালয়ে অভিযান চালিয়ে এসব অনিয়মের তথ্য পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, বিআরটিএ সিলেটের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গাড়ির ফিটনেস নবায়নে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নথিপত্র পর্যালোচনা ও সরেজমিন যাচাই করে দেখা যায়, গত ১৭ নভেম্বর বিআরটিএ সিলেট কার্যালয়ে ৭১টি গাড়ির ফিটনেস নবায়নের আবেদন জমা পড়ে। গাড়ি পরিদর্শনের সময় একটি আবেদনের ইঞ্জিন নম্বরের ওপর নীল কালিতে বিশেষ গোল চিহ্ন দেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
সেবাপ্রার্থীর গাড়ির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলেও ওই কর্মকর্তা নম্বরটি সঠিক নয় বলে মন্তব্য করেন। পরে কাগজে গোল চিহ্ন দিয়ে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর সেখানে এক দালাল এসে সেবাপ্রার্থীর কাছে টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ওই দালালকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন হয়ে যায়।
দুদকের ভাষ্য, অভিযানের সময় এ ঘটনায় ঘুষ গ্রহণ ও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এদিকে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের অভিযোগ, ফিটনেস নবায়নের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, ডিজিটাল নম্বরপ্লেট, স্মার্ট কার্ড, গাড়ির মালিকানা বদলি ও রুট পারমিটের ক্ষেত্রেও সেবাপ্রার্থীদের হয়রানি করা হয়।
ড্রাইভিং লাইসেন্সের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় কৃত্রিমভাবে অকৃতকার্য দেখানো এবং ডিজিটাল নম্বরপ্লেট ও স্মার্ট কার্ড সরবরাহে বিলম্বের অভিযোগও রয়েছে। এসব সেবায় নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা।
তাদের দাবি, দালালদের মাধ্যমে যোগাযোগ না করলে অনেক সময় ফাইল আটকে রাখা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে বিআরটিএ সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশিদ বলেন, অভিযোগ যেভাবে শোনা যাচ্ছে, ঘটনা সে রকম নয়। যিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে, তিনি অফিসের কেউ নন; বাইরের লোক। ইঞ্জিন নম্বর পরিষ্কারভাবে দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা সেবাগ্রহীতাকে নম্বরটি ধুয়ে-মুছে আনার পরামর্শ দিয়েছিলেন। তখন সেবাগ্রহীতা এটিকে টাকা আদায়ের কৌশল মনে করে অন্য এক ব্যক্তির সহায়তা নেন। এ থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ জানান, অভিযানের সময় বিআরটিএ কার্যালয় থেকে ফিটনেস নবায়ন ও গাড়ি পরিদর্শনসংক্রান্ত প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এসব নথি পাওয়ার পর পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনারের কাছে দাখিল করা হবে। পরবর্তী সময়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |