| বঙ্গাব্দ

ইয়াবাসহ গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 22-11-2026 ইং
  • 100965 বার পঠিত
ইয়াবাসহ গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ছবির ক্যাপশন: ইয়াবাসহ গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার করা হয়

কুড়িগ্রামে ইয়াবাসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিপু বকসী বহিষ্কার

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ আটক হওয়ার ঘটনায় নাজিমখান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. টিপু বকসীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত টিপু বকসীর পুরো নাম শাহজাহান আলী বকসী (৪৫)। তিনি উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন বকসীপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান বকসীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে টিপু বকসী ও মো. হাবিবুর রহমান (৪৬) নামে অপর এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় স্থানীয় লোকজন তাদের মারধর করেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশের দাবি, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তিদের তল্লাশি করা হলে হাবিবুর রহমানের শার্টের পকেট থেকে তিনটি এবং টিপু বকসীর জিনস প্যান্টের পকেট থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা পাঁচটি ইয়াবা ট্যাবলেটের মোট ওজন শূন্য দশমিক পাঁচ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য দুই হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটকের পর দুজনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ।

পুলিশের নথিপত্র অনুযায়ী, আটক দুই ব্যক্তির বিরুদ্ধেই রাজারহাট থানায় আগে থেকে মাদকসংক্রান্ত পৃথক মামলা রয়েছে।

এর মধ্যে হাবিবুর রহমানের বিরুদ্ধে চলতি বছরের ২১ আগস্ট দায়ের করা একটি মাদক মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যদিকে টিপু বকসীর বিরুদ্ধে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।

এদিকে ইয়াবাসহ আটকের খবর প্রকাশের পর টিপু বকসীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন এবং সদস্য সচিব মো. রুবেল চৌধুরীর নির্দেশক্রমে টিপু বকসীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বহিষ্কৃত ওই সদস্যের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency