প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একজন মুসলমান পৃথিবীর যে দেশেই বসবাস করুন না কেন, তাকে সব পরিস্থিতিতে নিজের ইমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একই সঙ্গে বসবাসরত দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালনের পাশাপাশি নিজ দেশের কল্যাণেও অবদান রাখতে হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের শুধু ব্যক্তিগত সাফল্য ও কর্মজীবনের উন্নতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিদেশে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের অসংখ্য নাগরিক গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা দেশের শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
জামায়াত আমিরের মতে, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নেও অবদান রাখতে পারেন। এ জন্য নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, একজন মুসলমান যেখানেই অবস্থান করুন না কেন, তার ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যে দেশে বসবাস করছেন, সেই দেশের আইনকানুন ও সামাজিক পরিবেশের প্রতি দায়িত্বশীল থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে অবস্থান করলেও মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা অটুট রাখতে হবে। দেশের মানুষের কল্যাণে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
তিনি আরও বলেন, পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ রয়েছে। প্রবাসীদের এসব গুণাবলি দেশের আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে প্রবাসীদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। বিশেষ করে উন্নত দেশগুলোর প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে অর্জিত জ্ঞান বাংলাদেশের জন্য কাজে লাগানো সম্ভব।
তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মী এবং বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা সভায় অংশ নেন।
এদিকে, শনিবার দুপুরে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরা এলাকায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত পৃথক একটি মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নেন ডা. শফিকুর রহমান।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের ভূমিকার প্রশংসা করেন।
জামায়াত আমির বলেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করছে সংগঠনটি। এ ধরনের উদ্যোগ মুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে।
তিনি সংগঠনটির কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে তাদের ইতিবাচক অংশগ্রহণ আরও বাড়বে।
তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক পরিচয় বজায় রেখেও একটি দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ জন্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং ঐক্য বজায় রাখা প্রয়োজন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সম্মিলিত কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অস্ট্রেলিয়া সফরের এসব মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং দেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |