প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
আগামী ১০ বছরেও বর্তমান সরকার পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।
শনিবার (২১ নভেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সেলিম ভূঁইয়া বলেন, আগামী এক দশকেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন। একই সঙ্গে শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং সার্বজনীন বদলির বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এই সংসদ সদস্য অভিযোগ করেন, গত ১৭ বছরে অনেক শিক্ষক রাজনৈতিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সময় কিছু শিক্ষক তৎকালীন ক্ষমতাসীন দলের সহযোগী হিসেবে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।
সেলিম ভূঁইয়া বলেন, যারা রাজনৈতিকভাবে অন্যায় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে প্রমাণসহ তালিকা দিতে হবে। অভিযোগের সত্যতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে অন্যায়ভাবে হয়রানি করার উদ্দেশ্য নেই বলেও জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষকদের সার্বজনীন বদলি কার্যক্রম নিয়ে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীর মাধ্যমে একটি ঘোষণা দেওয়ার চেষ্টা চলছে।
শিক্ষক বদলির বিষয়ে সেলিম ভূঁইয়া জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রমের কঠোর সমালোচনা করেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সনদসংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষক নিয়োগ ও বদলির ক্ষেত্রে নানা ধরনের অসংগতি রয়েছে।
উদাহরণ হিসেবে তিনি জানান, অতীতে সিলেটের একজন নারী শিক্ষককে ভোলায় এবং রংপুরের একজন নারী শিক্ষককে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মস্থল দূরে হওয়ায় অনেক শিক্ষককে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তার দাবি, বদলির অপেক্ষায় থাকা অনেক নারী শিক্ষকের পারিবারিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবেদন গ্রহণের পরও বদলি কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষক বদলি কার্যক্রম চালু করতে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন নেই। তাই দ্রুত এই কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনসংক্রান্ত বিষয়েও বক্তব্য দেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিগত সরকারের আমলে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, তাকে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করেছিলেন। রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, সে সময় তার বিরুদ্ধে মোট ৪০টি মামলা ছিল। আদালতে হাজিরার সময় তাকে হাতকড়া পরিয়ে নেওয়া হতো। অতীতের এসব অভিজ্ঞতা এখনো ভুলতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের পর বয়স বিবেচনায় যে সমালোচনা হয়েছে, সে প্রসঙ্গেও কথা বলেন সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, সাবেক মন্ত্রী এম কে আনোয়ারকে ৮৬ বছর বয়সেও আদালতে হাজিরা দিতে হয়েছে। বয়সজনিত অসুবিধা থাকা সত্ত্বেও তাকে হাতকড়া পরানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
পাঠ্যপুস্তকে ইতিহাস উপস্থাপনের বিষয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, বিগত সরকারের সময়ে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাসসংক্রান্ত বিভিন্ন বিষয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা উল্লেখ করে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন। পাঠ্যপুস্তক রচনায় কিছু শিক্ষককে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের কুমিল্লা জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।
অনুষ্ঠানে শিক্ষকদের পেশাগত অধিকার, বদলি, জাতীয়করণ এবং বেতনসংক্রান্ত বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |