| বঙ্গাব্দ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-11-2026 ইং
  • 5236 বার পঠিত
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম
ছবির ক্যাপশন: মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, হামলার পর যুদ্ধবিমানটির পাইলট অভিযান বাতিল করে মধ্যপ্রাচ্যের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন। তবে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে পারস্য উপসাগরের আকাশে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এই পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুদ্ধবিমানটির কাছাকাছি বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে পাইলট নির্ধারিত অভিযান চালিয়ে যেতে না পেরে কাছাকাছি একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেন। তবে যুদ্ধবিমানটি কোথায় অবতরণ করেছে কিংবা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান।

অন্যদিকে, ইরানের এই দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পক্ষ থেকে প্রচারিত এফ-১৬ যুদ্ধবিমানে হামলার খবর সম্পূর্ণ মিথ্যা।

সেন্টকমের বক্তব্য অনুযায়ী, শুক্রবার ইরান যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদে রয়েছে এবং প্রতিটি বিমানের অবস্থান সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী অবগত রয়েছে।

এদিকে, এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবির পাশাপাশি হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সংস্থাটির দাবি, নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে তাদের মহাকাশ বাহিনী মার্কিন ড্রোনটির অবস্থান শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আইআরজিসির দাবি অনুযায়ী, এ নিয়ে তারা যুক্তরাষ্ট্রের মোট ৫৮টি ড্রোন ধ্বংস করেছে।

তবে ড্রোন ভূপাতিত করার এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে ইরানের উত্থাপিত দাবিগুলোর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এর মধ্যেই আইআরজিসির মহাকাশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর একটি পরিদর্শন করেছেন বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই অঞ্চলকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিমান ও ড্রোনে হামলার নতুন দাবিগুলো সামনে এসেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency