ঝিনাইদহে কুকুরের কামড়ে ১৫ জন আহত, এলাকায় আতঙ্ক
ঝিনাইদহ পৌরসভাধীন হামদহ এলাকায় কুকুরের আক্রমণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত একাধিক কুকুর দলবদ্ধ হয়ে পথচারীদের তাড়া করে কামড়িয়েছে। এতে ভুক্তভোগীদের মধ্যে বেশ কয়েকজন নারী-পুরুষ এবং শিশুও আছেন।
ভুক্তভোগী আসাদ মোল্লাহ জানান, রোববার সকালে কুকুরগুলো হামদহ এলাকায় রাস্তায় ঘোরাফেরা করছিল এবং পথচারীদের ওপর আকস্মিকভাবে আক্রমণ শুরু করে। তিনি বলেন, "কিছু কুকুর আমাকে তাড়া করে এবং আমার মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। পরে এলাকাবাসী এসে কুকুরটিকে তাড়া করে পালিয়ে যেতে বাধ্য করে। আমি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হই।"
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাপস কুমার জানিয়েছেন, আজ সারা দিনেই অন্তত ১৫ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ভর্তি ছিলেন, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
কুকুরের এই আক্রমণে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না এবং যারা বের হচ্ছেন, তারা নিরাপত্তার জন্য সঙ্গে লাঠি নিয়ে চলছেন। এ ঘটনার প্রেক্ষিতে এলাকার মানুষ প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এদিকে, ঝিনাইদহ পৌরসভা এবং স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং দ্রুত কুকুরগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |