বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ তাদের বরিশাল নগর পুলিশের বন্দর থানায় হস্তান্তর করেন।
এর আগে দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাদের আটক করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের মারধর করে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে তাদের আটকের পর নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক চারজন হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
আটকের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, তাদের নিজ নিজ অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছিল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও পোশাক ধরে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আটক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে তারা বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন বলে ছাত্রদলের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় চারজনকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।
বরিশাল বন্দর থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ববি কর্তৃপক্ষ অভিযোগ দিলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |