শীতকালে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে তুলনামূলক বেশি ক্যালরির প্রয়োজন হতে পারে। তবে শীতের সময় পুষ্টিকর খাবারের অভ্যাস থেকে সরে আসার প্রয়োজন নেই। বরং সঠিক খাবার শরীর উষ্ণ রাখার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং সুস্থ থাকতে সহায়তা করে।
শীত মৌসুমে শরীরের পুষ্টির চাহিদা পূরণে শাকসবজি, ফলমূল, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গুরুত্বপূর্ণ। শরীর উষ্ণ রাখতে ও পুষ্টির ঘাটতি এড়াতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন নিচের ১০টি খাবার।
শীতকালে বিভিন্ন ধরনের শাকপাতা শরীরের জন্য উপকারী। বিশেষ করে পালংশাকে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে ও ভিটামিন এ। এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধক্ষমতা, রক্ত জমাট বাঁধা এবং চোখের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতের দিনে গরম করে রান্না করা শাক খেতে পারেন।
বিট, গাজর ও শালগমের মতো সবজি শীতকালে সহজেই পাওয়া যায়। এসব সবজিতে রয়েছে বিটা ক্যারোটিনসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান, যা শরীরের স্বাভাবিক কার্যক্রম এবং রোগ প্রতিরোধব্যবস্থাকে সহায়তা করে।
কমলা, জাম্বুরা ও লেবুর মতো ফলে প্রচুর ভিটামিন সি থাকে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এ ছাড়া স্ট্রবেরি, কিউই ও আমেও ভিটামিন সি পাওয়া যায়।
শীতকালে সূর্যের আলো কম পাওয়া গেলে ভিটামিন ডি-এর ঘাটতির ঝুঁকি বাড়তে পারে। এ সময় স্যালমন মাছ, ডিমের কুসুম, দুধ, ভিটামিন ডি সমৃদ্ধ সিরিয়াল, মাশরুম ও লাল মাংস খাওয়া যেতে পারে। ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।
ছোলা, মটরশুঁটি, বিভিন্ন ধরনের ডাল ও শিমজাতীয় খাবারে প্রচুর প্রোটিন এবং আঁশ থাকে। এগুলো শরীরের শক্তি জোগাতে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে।
শীতের দিনে গরম স্যুপ শরীরকে আরাম দেয়। ঘরে তৈরি সবজি স্যুপ, মুরগির ঝোল কিংবা বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপ খেতে পারেন। অতিরিক্ত লবণ, ক্রিম ও চর্বি ব্যবহার না করাই ভালো। কম সোডিয়ামযুক্ত স্যুপ হৃদযন্ত্রের সুস্থতার জন্যও উপকারী হতে পারে।
ওটস, কুইনোয়া, বুলগুর ও অন্যান্য পূর্ণ শস্যে প্রোটিন, আঁশ এবং বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। শীতের সকালে ওটমিল ভালো নাশতা হতে পারে। এসব খাবারে থাকা আঁশ হজমে সহায়তা করে এবং জিঙ্ক রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে।
স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি ও রাসবেরিতে রয়েছে আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এসব ফল শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।
দই প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন বি-১২-এর ভালো উৎস। এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের উপকারী অণুজীবের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অতিরিক্ত চিনি মেশানো দইয়ের পরিবর্তে সাধারণ দই খাওয়া ভালো।
কাঠবাদাম, আখরোট, কাজুবাদাম ও পেস্তায় রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান। শীতকালে পুষ্টিকর খাবার হিসেবে এসব বাদাম খেতে পারেন। তবে অতিরিক্ত লবণ বা চিনিযুক্ত বাদামের পরিবর্তে কাঁচা কিংবা লবণবিহীন বাদাম বেছে নেওয়া ভালো।
শীতকালে সুস্থ থাকতে পুষ্টিকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুমের অভ্যাসও বজায় রাখা জরুরি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |