প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
দিলারা আক্তারের অর্ধশতক সত্ত্বেও আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে পেরিয়ে যায় নেদারল্যান্ডস। হাতে ছিল দুই বল। দলের জয়ে অপরাজিত ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্টেরে কালিস।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা আক্তার। ৪৬ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি।
বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ১০ রানের মাথায় ২ রান করে রানআউট হন রানী। এরপর দিলারা ও শারমিন আক্তার জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। শারমিন করেন ১৯ রান। পরে নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২০ রান।
তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ইনিংসে গতি আনতে পারেনি বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান দিলারা। শেষ পর্যন্ত অর্ধশতক পূর্ণ করে সাজঘরে ফেরেন তিনি।
শেষ দিকে স্বর্ণা আক্তারের ১৩ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে ১২৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
নেদারল্যান্ডসের হয়ে দুর্দান্ত বোলিং করেন হিদার সিগার্স। চার ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন তিনি। দুটি উইকেট পান হান্না ল্যান্ডহির।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নেদারল্যান্ডস। ১১ রানে প্রথম এবং ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। তবে স্টেরে কালিসের দায়িত্বশীল ও ম্যাচজয়ী ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা।
ডানহাতি এই ব্যাটার ৫০ বলে অপরাজিত ৬৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি চার। শুরুতে দুই উইকেট হারানোর পরও তাঁর ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
শেষ দিকে ফ্রেডেরিক ওভারডাইক অপরাজিত ১২ রান করে কালিসকে দারুণ সঙ্গ দেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রাবেয়া খান। চার ওভারে ২২ রান দেন তিনি। একটি করে উইকেট পান সানজিদা আক্তার মেঘলা ও রিতু মনি।
তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। অন্যদিকে টানা তৃতীয় জয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে নেদারল্যান্ডস।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |