প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা এবং বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত মাদক কারবারিদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিভিন্ন অভিযানে বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও সাংবাদিকের ওপর হামলার চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই।
তারা আরও বলেন, অভিযুক্তদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, সে বিষয়েও সাংবাদিকরা অবগত রয়েছেন। প্রয়োজনে এসব বিষয় জনসমক্ষে তুলে ধরা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ থেকে সাংবাদিক আল আমিন প্রধানের ঘটনার সঙ্গে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় জেলার সব পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আল্টিমেটাম দেন তারা।
এদিকে, মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ১০-১২ জনের একটি দল বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করে তাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক আল আমিন প্রধান। পরপর দুই দিনের এসব ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
গত শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডিটি করেন আল আমিন প্রধান।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তার কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় মাসুমসহ পাঁচ-সাতজন সেখানে উপস্থিত হন। তারা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এতে আল আমিন প্রধান বাধা দিলে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। উপস্থিত লোকজন তাকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যান।
এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে আল আমিনের বাড়ির নিচে অবস্থান নেয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে তাকে বিষয়টি জানান।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা কিছুক্ষণ সেখানে অবস্থান করে তার নাম ধরে ডাকাডাকি করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যান তারা।
পরে আল আমিন প্রধান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি অবহিত করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন। তার ভাষ্য অনুযায়ী, অভিযোগ পাওয়ার পর ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে, সাংবাদিক আল আমিন প্রধানের ওপর পরপর দুই দিনের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, জেলা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিংকন এবং দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফরিদ আহমেদ বাধন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির, ফতুল্লা প্রেসক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লা রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল ও রাকিব চৌধুরী শিশিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |