পাকিস্তানের লাহোরে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের আক্রমণে ১৯ বছর বয়সি এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান এবং সংশ্লিষ্ট খামারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে ম্যানচেস্টার ইভিনিং নিউজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। ঘটনাটি ঘটেছে লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে।
প্রতিবেদন অনুযায়ী, টিকটকের ভিডিও তৈরির উদ্দেশ্যে কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়েছিল। এ সময় খামারের কর্মী ১৯ বছর বয়সি তালহার ওপর ঝাঁপিয়ে পড়ে প্রাণীটি।
বাঘের হামলায় গুরুতর আহত তালহাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর তদন্তে নেমে খামারের মালিক ফাইয়াজ এবং কনটেন্ট নির্মাতা নোমান হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, খামারটির একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার শুরুতে নোমান হাসান দাবি করেছিলেন, কুকুরের আক্রমণে তালহা আহত হয়েছেন। তবে তদন্তের মাধ্যমে পরে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তথ্য পাওয়া যায়।
লাহোর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, টিকটক বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করতে গিয়ে কোনো মানুষের জীবন বিপন্ন করার সুযোগ নেই। বিনোদন কিংবা ব্যক্তিগত শখ কখনোই মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না।
পুলিশ আরও জানায়, ঘটনার সময় বাঘটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় খামারটিতে বাঘ রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং প্রাণীটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণীর সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরির জন্য পরিচিত নোমান হাসান।
তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে শিকল দিয়ে বেঁধে রাখা বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আঁচড় দেয়।
এ ঘটনায় এক তরুণের মৃত্যুর পর বন্য প্রাণীর সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও ধারণ, প্রাণী নিয়ন্ত্রণ এবং খামারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক এবং সম্ভাব্য অবহেলার বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |