যশোরে জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭৫) নামে এক বিএনপি নেতাকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন।
বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর আহত করেন। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবারের সদস্যরা। ওই জমিটি শফিয়ার শেখও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রাথমিকভাবে এই বিরোধকেই হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে যান। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন এবং ওসি (তদন্ত) বদরুজ্জামান মোল্যাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |