পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যালয়ের ভেতরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী এবং এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন কাউখালীর ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর দুপুরে বিদ্যালয়ের টিফিন বিরতির সময় সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নেন শিক্ষক লিটন চন্দ্র পাল।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, সেখানে ওই শিক্ষক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে জড়িয়ে ধরে আটকে রাখেন।
এ ঘটনায় শিক্ষার্থীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত শুরু করেন এবং একই দিন প্রতিবেদন জমা দেন।
তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর ভিত্তিতে সরকারি চাকরির বিধিবিধান অনুসরণ করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগেও বিদ্যালয়ে অনিয়ম এবং প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
অন্যদিকে, ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পাশাপাশি বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। পরে তাকেও সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্তের ফলাফলের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পৃথক অফিস আদেশ জারি করে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এ ঘটনায়। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |