বগুড়া শহরে মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং পুলিশ প্রশাসনে পদায়ন বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলীর সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় সাংবাদিকরা জানান, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে মাদকের বড় ট্রানজিট ও বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শহরের উত্তর চেলপাড়া ও হাড্ডিপট্টিসহ বিভিন্ন এলাকায় দিন-রাত প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও কার্যকর অভিযান চোখে পড়ছে না বলে অভিযোগ করেন তাঁরা।
এ ছাড়া শহরের সাবরুল, কাহালু ও শাজাহানপুর এলাকায় একাধিক কিশোর গ্যাং গড়ে উঠেছে বলে জানান সাংবাদিকরা। এসব গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও তোলেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে রামদা ও পিস্তল হাতে কিশোর-যুবকদের ভিডিও প্রকাশের বিষয়েও উদ্বেগ জানান সাংবাদিকরা।
সভায় শহরের বিভিন্ন মোড়ে শিক্ষার্থী ও তরুণদের টিকটক ভিডিও ধারণ এবং মারামারির দৃশ্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাতের বেলায় ছিনতাই চক্রের তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।
তাঁদের দাবি, ৫ আগস্টের পর বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র অপরাধীদের হাতে থাকার আশঙ্কায় ভবিষ্যতে অপরাধ বৃদ্ধির ঝুঁকি রয়েছে বলেও মত দেন তাঁরা।
পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, অতীতে পদায়ন বাণিজ্য ও প্রভাবশালীদের তদবিরের কারণে অনেক সৎ ও যোগ্য পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনের ক্ষেত্রে পিছিয়ে পড়েছিলেন।
এ ধরনের চর্চা বন্ধ করে দক্ষ, সৎ ও পেশাদার কর্মকর্তাদের মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেন সাংবাদিকরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেন, বগুড়া বিশাল জনসংখ্যার একটি শহর। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ চালু করা এবং পুলিশ ফাঁড়িগুলোকে স্বয়ংসম্পূর্ণ থানায় উন্নীত করা এখন সময়ের দাবি।
তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে অভিভাবকদের ভূমিকা এবং সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দেন ডিআইজি।
তিনি বলেন, বাংলাদেশে পুলিশ ও জনসংখ্যার অনুপাত প্রায় ৭০০:১। সীমিত জনবল দিয়ে পুলিশের একার পক্ষে শতভাগ অপরাধ বন্ধ করা কিংবা কিশোর গ্যাং দমন করা সম্ভব নয়। কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে পারিবারিক ও সামাজিক নজরদারির ঘাটতিও বড় কারণ।
এ কারণে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আবারও জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া মাদকাসক্তিজনিত ছিনতাই ও জীবিকার তাগিদে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন ডিআইজি। রেঞ্জের বিভিন্ন পথে মাদকের প্রবাহ বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পুলিশ সদস্যদের অসদাচরণ বা অদক্ষতার কারণে ঢালাও বদলি কোনো স্থায়ী সমাধান নয় উল্লেখ করে মীর আশরাফ আলী বলেন, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সঠিক নির্দেশনার মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।
বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম সাঈদ এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |