ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর রাজনৈতিক ঐক্যের বার্তা দিয়েছেন গাদি আইজেনকোট। বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর কট্টর ডানপন্থি মিত্রদের নতুন সরকারে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে এ ক্ষেত্রে নেতানিয়াহুসহ সংশ্লিষ্ট দলগুলোকে আইজেনকোটের নেতৃত্বে সরকার পরিচালনায় সম্মত হতে হবে।
রোববার (৮ নভেম্বর) সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর নিজের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন আইজেনকোট। আরজ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইজেনকোট জানিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি তাঁর সরকারে যোগ দিতে চাইলে তিনি স্বাগত জানাবেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই মনে করেন, এটি ঐক্যের সময়, যেমনটি তারা প্রেসিডেন্টকে বলেছেন; তাহলে আমার নেতৃত্বাধীন সরকার এবং উপস্থাপিত নীতিগুলোকে সমর্থন না করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না।’
অর্থাৎ, জাতীয় ঐক্যের প্রশ্নে দুই দলের অংশগ্রহণে আপত্তি না থাকলেও সরকার পরিচালনার ক্ষেত্রে নিজের নেতৃত্ব ও নীতিমালার প্রতি সমর্থন প্রত্যাশা করছেন আইজেনকোট।
ইসরাইলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় দুই দশক ধরে বিভিন্ন সময়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা, লেবানন ও ইরানকে ঘিরে যুদ্ধ পরিচালনা করেছেন নেতানিয়াহু। তবে সর্বশেষ নির্বাচনে তাঁর রাজনৈতিক সমর্থন কমে আসে। নির্বাচনের ফলাফলে কোনো পক্ষই সরাসরি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
এর মধ্যে গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সরকার গঠন নিয়ে পরামর্শের সময় আইনপ্রণেতাদের সমর্থনের হিসাব সামনে আসে।
সেখানে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সুপারিশ জমা পড়ে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন ৪৬ জন আইনপ্রণেতা।
সরকার গঠন নিয়ে সমর্থনের হিসাবের মধ্যে ইসরাইলি আরব আইনপ্রণেতারাও রয়েছেন। নেতানিয়াহু সরকারের প্রতি অসন্তোষের প্রেক্ষাপটে নির্বাচনে আরব দলগুলোর আসনসংখ্যা ঐতিহাসিকভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, নেতানিয়াহুর বিদায়ী সরকারের কট্টর ডানপন্থি নেতারা আরব সম্প্রদায়কে রাজনৈতিক ও সামাজিকভাবে একঘরে করার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।
এ কারণে নতুন সরকার গঠনের আলোচনায় আরব আইনপ্রণেতাদের ভূমিকা এবং তাদের সমর্থনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আইজেনকোটের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি নতুন সরকারে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ রাখতে চান। এমনকি নেতানিয়াহুর দল ও তার কট্টর ডানপন্থি মিত্রদেরও সরকারে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে এই অংশগ্রহণের প্রধান শর্ত হলো, তাদের আইজেনকোটের নেতৃত্ব মেনে নিতে হবে এবং তাঁর সরকারের নীতিমালায় সমর্থন দিতে হবে। এখন নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক মিত্ররা এই প্রস্তাবে কী অবস্থান নেন, তার ওপর ইসরাইলের নতুন সরকার গঠনের পরবর্তী সমীকরণ নির্ভর করছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |