‘দেশের সব সচিব ঠিক সময়ে এলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় বিতর্কিত মন্তব্যে তোপের মুখে ইউপি সচিব লিপী ঘরামী
প্রতিবেদক: বুলবুল আহমেদ
“দেশের সব সচিব যদি ঠিক সময়ে অফিসে আসেন, তবেই আমিও নিয়ম মেনে সময়মতো অফিসে আসব”—এমন বিতর্কিত ও অসংলগ্ন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) লিপী ঘরামী।
কর্মস্থলে নিয়মিত দেরিতে আসা, নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করা এবং সাধারণ সেবাপ্রত্যাশীদের হয়রানি করাসহ একাধিক মারাত্মক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্য যৌথভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দাপ্তরিক গোপনীয়তা লঙ্ঘন ও অর্থ আত্মসাতের অভিযোগ
উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া যৌথ লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ইউপি সচিব লিপী ঘরামী নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকেন না। মাঝেমধ্যে অফিসে এলেও নির্ধারিত সময়ের অনেক পর আসেন এবং কোনো কাজ শেষ না করেই আগেভাগে চলে যান।
শুধু অনুপস্থিতিই নয়, তাঁর বিরুদ্ধে দাপ্তরিক গোপনীয় তথ্য বহিরাগতদের কাছে প্রকাশ করা, স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে কোনো প্রকার প্রশাসনিক সমন্বয় না রাখা এবং ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদ বিক্রির ফি বাবদ আদায়কৃত সরকারি অর্থের সঠিক হিসাব না দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন জনপ্রতিনিধিরা।
সেবাপ্রত্যাশীদের ভোগান্তি ও দুর্ব্যবহার
স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা জানান, জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশ সনদের মতো জরুরি সরকারি সেবা নিতে এসে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সকালে পরিষদে এসে দীর্ঘ সময় অপেক্ষা করলেও ইউপি সচিবের দেখা পাওয়া যায় না। ফোনের মাধ্যমে তাঁর অফিসে আসার সময় জানতে চাইলে সেবাপ্রত্যাশীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
বিতর্কিত সাফাই ও জনপ্রতিনিধিদের ক্ষোভ
অনিয়ম ও দেরিতে আসার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সচিব লিপী ঘরামী তাঁর দূরত্বের অজুহাত দেন। প্রতিদিন সকাল ৯টার পরিবর্তে বেলা সাড়ে ১০টা বা ১১টায় কার্যালয়ে আসার কারণ জানতে চাইলে তিনি দায়িত্বজ্ঞানহীনভাবে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “সব সচিব কি ঠিক সময়ে অফিসে যান? দেশের সব সচিব যদি ঠিক সময়ে যান, তবে আমিও ঠিক সময়ে আসব।”
এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঢালী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সচিব আমাদের কোনো কথাই শেনেন না। তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছেমতো কার্যালয়ে আসেন ও কাজ করেন। তাঁর এই দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতার কারণে ইউনিয়ন পরিষদের সাধারণ সরকারি সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।”
তদন্ত কমিটি গঠন ও প্রশাসনিক উদ্যোগ
ইউপি সচিবের এমন মন্তব্য ও লিখিত অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক রেজওয়ানা কবির জানান, একটি লিখিত অভিযোগপত্র তারা গ্রহণ করেছেন। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁর বিরুদ্ধে কঠোর বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অভিযুক্ত ইউপি সচিবের এই মন্তব্য ও দাপ্তরিক অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী এলাকাবাসী।