ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে মানবিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) কোমিশুভাখা গ্রামের ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার পর ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, কোমিশুভাখা গ্রামের একটি স্কুলকে মানবিক সহায়তা বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা নিয়মিত সেখানে প্রয়োজনীয় সহায়তা নিতে জড়ো হতেন।
জেলেনস্কির দাবি, প্রথম বিমান হামলার পর দ্বিতীয় দফায় আরও নয়টি বোমা নিক্ষেপ করা হয়। সরাসরি ওই আশ্রয়কেন্দ্রকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কোমিশুভাখায় যারা এখনো বসবাস করছেন, তারা প্রতি সপ্তাহে ওই কেন্দ্র থেকে সহায়তা পেতেন। ফলে সেখানে মানুষের উপস্থিতি সম্পর্কে রাশিয়ার অজানা থাকার কথা নয়।
তিনি আরও অভিযোগ করেন, এ হামলা প্রমাণ করে রাশিয়া উত্তেজনা কমানো কিংবা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় আগ্রহী নয়।
ইউক্রেনের জরুরি সেবা সংস্থার প্রকাশ করা ভিডিওতে হামলার পর স্কুল ভবনটিকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। সেখানে উদ্ধারকর্মীদের ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাতেও দেখা যায়।
আঞ্চলিক গভর্নর মিখাইলো সেমিকিন টেলিগ্রামে জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থার দুজন উদ্ধারকর্মী রয়েছেন।
তিনি আরও জানান, হামলার ঘটনায় মোট ২৭ জন নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জাপোরিঝিয়ার পাশাপাশি ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলে ড্রোন ও বিমান হামলার খবর পাওয়া গেছে।
জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। এসব হামলায় একটি রেফ্রিজারেশন স্থাপনা, গ্রিনহাউস এবং কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে কৃষ্ণসাগর উপকূলের বন্দরনগরী ওদেসায় হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সেখানে একটি গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ২১২টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা।
রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভও জানিয়েছেন, স্থানীয় বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি আকাশপথে হামলা প্রতিহত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ওলেশকিতে মানবিক সহায়তা কার্যক্রমের পর এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যা শান্তি প্রতিষ্ঠার পথে অগ্রগতির সম্ভাবনা তৈরি করতে পারত। কিন্তু কোমিশুভাখায় হামলার ঘটনা সেই সম্ভাবনার বিপরীত বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের মানবিক সহায়তা কেন্দ্রে হামলায় প্রাণহানি, বিভিন্ন অঞ্চলে ড্রোন আক্রমণ এবং রাশিয়ার পাল্টা ড্রোন প্রতিহত করার দাবি—সব মিলিয়ে দুই দেশের সংঘাত আরও জটিল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হতাহতের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |