প্রতিবেদক: বুলবুল আহমেদ
ময়মনসিংহের ভালুকায় সেলুনে চুল কাটার বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডার জেরে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক গরিব নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্প এলাকা জামিরদিয়ার নোমান গেট সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নরসুন্দর রবীন্দ্র মনিঋষি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম রঞ্জিত মনিঋষি। জীবিকার তাগিদে তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন এবং ওই এলাকায় নিজের একটি ছোট সেলুন চালিয়ে চুল কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সাদ্দাম (২৬) নামের এক বখাটে যুবক সেলুনে চুল কাটার টাকা দেওয়াকে কেন্দ্র করে রবীন্দ্রের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো চাকু দিয়ে নরসুন্দর রবীন্দ্রের বুক ও গলায় উপর্যুপরি উপুর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে তিনি মৃত্যুর মুখে পতিত হন।
এদিকে হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক সাদ্দাম হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়ার ছেলে। নিহত রবীন্দ্রের সেলুনের ঠিক কাছাকাছিই সাদ্দামের বাবার একটি মুদিদোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলুনের ভেতরে ঢুকে হঠাৎ রবীন্দ্রকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন সাদ্দাম। জীবন বাঁচাতে রক্তাক্ত অবস্থায় সেলুন থেকে বেরিয়ে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন রবীন্দ্র। কিন্তু উন্মত্ত সাদ্দাম সেখানেও তাঁর পিছু নিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। এরপর সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে পাশের আরেকটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে ফেলে ধরে রবীন্দ্রকে আবারও নৃশংসভাবে ছুরিকাঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে।
নিহত রবীন্দ্রের শোকার্ত স্ত্রী সূচিত্রা রানী ঋষি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে জানান, অভিযুক্ত সাদ্দাম নিয়মিত বিভিন্ন মাদক সেবন করতেন এবং নেশার টাকার জন্য প্রায়ই তার স্বামীর সেলুনে এসে নানাভাবে বিরক্ত করে টাকা দাবি করতেন। শুধু তা-ই নয়, সেলুনে চুল কাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি কোনো টাকা পরিশোধ করতেন না। বকেয়া টাকা বা সেলুনের পাওনা চাইলেই সাদ্দাম ক্ষিপ্ত হয়ে এর আগেও তাঁর স্বামী রবীন্দ্রকে একাধিকবার প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
এদিকে লোমহর্ষক এই হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এই চাঞ্চল্যকর হত্যার বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই পুলিশের বিশেষ টিম মাঠে নামে এবং গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ভালুকার জামিরদিয়া এলাকা থেকেই হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত মামলার প্রক্রিয়া চলছে এবং আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |