| বঙ্গাব্দ

ফেসবুকে পরিচয়, ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-10-2026 ইং
  • 35909 বার পঠিত
ফেসবুকে পরিচয়, ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই
ছবির ক্যাপশন: ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই

নওগাঁয় ফেসবুকে পরিচয়ে ডেকে নিয়ে রাজমিস্ত্রির মোটরসাইকেল ও টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

প্রতিবেদক: বুলবুল আহমেদ

নওগাঁর বদলগাছী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক রাজমিস্ত্রিকে নির্জন এলাকায় ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে পুলিশের দ্রুত তৎপরতায় ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন—বদলগাছীর হাটশাপিলা এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। অন্যদিকে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমেই সিয়াম ও রহিতের সঙ্গে হুমায়ন কবিরের পরিচয় হয়েছিল। ঘটনার দিন পাহাড়পুরে রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য তিনি মথুরাপুরের জাবারীপুর হাটে যান। পূর্বপরিচিত হওয়ায় সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে হাটশাপিলা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও কয়েকজন সহযোগী ওত পেতেছিল।

একপর্যায়ে হুমায়নকে রাস্তার পাশে টেনেহিঁচড়ে নিয়ে বেদম মারধর করা হয় এবং তার কাছে অতিরিক্ত আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তারা তার ব্যবহৃত মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ন কবির বাদী হয়ে বদলগাছী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের বিশেষ টিম মাঠে নামে এবং মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন অপরাধী জড়িত রয়েছে, যাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক বিশেষ বার্তায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে সহজ-সরল যুবকদের আকৃষ্ট করা এবং পরবর্তীতে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ ও দামি জিনিসপত্র হাতিয়ে নেওয়ার একটি প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এ ধরনের অনলাইন প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজ ও সাধারণ মানুষকে সতর্ক থাকার কড়া পরামর্শ দিয়েছেন তিনি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency