প্রতিবেদক: বুলবুল আহমেদ
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখা গেছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে মহাসড়কের মির্জাপুর উপজেলার মনসুর ধুল্যা এলাকায় সড়কের পাশে এসব ওষুধ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে দ্রুত সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে গেলে অনেক সময় পর্যাপ্ত ওষুধ পাওয়া যায় না বলে জানানো হয়। অথচ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সেসব সরকারি ওষুধ যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হচ্ছে। এতে সরকারি ওষুধের সঞ্চয় ও যথাযথ ব্যবস্থাপনা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
এর আগে গত ২৭ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ রাতের আধারে পিকআপ ভ্যানে করে যমুনা নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ভূঞাপুর থানা পুলিশ পিকআপ ভ্যানের চালক ও মালিক আজমতকে আটক করে। ওই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন হলে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মো. সোহেলকে ওএসডি করা হয় এবং অফিস সহকারী মো. ফরহাদকে শাস্তিমূলক বদলি করা হয়।
ঘাটাইল কান্ডের রেশ কাটতে না কাটতেই পুনরায় মির্জাপুরে সরকারি ওষুধ মহাসড়কের পাশে ফেলে রাখার ঘটনা প্রকাশ্যে আসায় পুরো জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকারি স্বাস্থ্য বিভাগের সিলসহ বিভিন্ন ওষুধপত্র রাস্তার পাশে পড়ে রয়েছে বলে জানতে পেরেছি। মির্জাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে, তাই কোনো অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই। কে বা কারা মহাসড়কের পাশে এসব সরকারি ওষুধ ফেলে গেছে তা আমার জানা নেই।’
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |