প্রতিবেদক: বুলবুল আহমেদ
শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আয়োজন করা হচ্ছে। এবারের আসরে অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী। এর মধ্যে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ প্রতিযোগিতায় সরাসরি অংশ নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সামাজিক ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘গত প্রথম আসরে নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। এবার তা বহুগুণ বেড়ে ১৬ লাখ ২৩ হাজারে দাঁড়িয়েছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠনের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশ নেবে। আগামী বছরের মে বা জুনের মধ্যে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও জানান, প্রথম আসরে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত খেলোয়াড়দের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় দায়িত্ব সরকার বহন করে এবং কোনো প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে না যায়।
খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্টেডিয়ামটির গ্যালারির অর্ধেকের বেশি অংশ না থাকায় এটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই গ্যালারি নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও জরাজীর্ণ অবস্থায় থাকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করে এসব ক্রীড়া স্থাপনার উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিসহ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |