প্রতিবেদক: বুলবুল আহমেদ
দীর্ঘ দশ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সাবেক ডব্লিউডব্লিউই তারকা ইভা মারি ও তার স্বামী জোনাথন কোয়েল। ২০২৫ সালের আগস্টে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। সম্প্রতি বিচ্ছেদের কারণ জানিয়ে ইভা মারি বলেছেন, তাদের সম্পর্ক একসময় ভালোবাসার চেয়ে ব্যবসায়িক অংশীদারত্বের মতো হয়ে উঠেছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ৪২ বছর বয়সী এই রেসলিং তারকা। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত ওই প্রতিবেদনে তাদের বিচ্ছেদের বিষয়টি তুলে ধরা হয়।
ইভা মারি জানান, তাদের বিচ্ছেদের পেছনে একাধিক কারণ ছিল। তবে সম্পর্ক ভাঙার পেছনে বড় কোনো সংঘাত বা নাটকীয় ঘটনা ঘটেনি। বরং জীবনের নতুন অধ্যায়, পেশাগত পরিবর্তন এবং বয়স ৪০ পেরোনোর পর নিজের জীবন নিয়ে নতুন করে ভাবনাই তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।
ইভা মারির ভাষ্য, তিনি ও কোয়েল একে অপরের সঙ্গে ভালোভাবে মিশতে পারতেন এবং তাদের মধ্যে বন্ধুত্বও ছিল। কিন্তু তাদের দাম্পত্য সম্পর্ক অনেকটা ব্যবসায়িক অংশীদারত্বের মতো হয়ে গিয়েছিল।
তিনি বলেন, ‘আমাদের সম্পর্কটা ছিল অনেকটা লেনদেনভিত্তিক ব্যবসায়িক সম্পর্কের মতো। আমরা ভালোভাবে চলতাম, একে অপরের খুব ভালো বন্ধুও ছিলাম। কিন্তু বিয়ে আসলে এমন কিছু নয়, আর আমি আমার দাম্পত্য জীবনকে এমন দেখতে চাইনি।’
ইভা মারি আরও বলেন, তিনি নিজের জীবন পূর্ণভাবে উপভোগ করতে চেয়েছেন এবং যতটা সম্ভব সৎ ও সুখী থাকতে চেয়েছেন। একইভাবে সাবেক স্বামীও যেন নিজের মতো করে সুখী হতে পারেন, সেটিও তার প্রত্যাশা ছিল।
বিচ্ছেদের পর কোয়েলের সঙ্গে সম্পর্ক কেমন, এমন প্রশ্নের জবাবে ইভা মারি বলেন, ‘আমি তার মঙ্গল কামনা করি—তবে দূর থেকেই। তার প্রতি আমার কোনো তিক্ততা নেই। কিন্তু আমরা এখন এমন বন্ধু নই যে তাকে ফোন করে কথা বলব।’
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইভা মারি। আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, ২০২৩ সালের অক্টোবর থেকেই তারা আলাদা থাকছেন। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং টেক্সাসে থাকা তাঁদের যৌথ বাড়ি বিক্রির মতো বিষয়ও সামলাতে হয়েছে তাকে।
সন্তান না থাকায় বিচ্ছেদের প্রক্রিয়াটি তুলনামূলকভাবে কম জটিল হয়েছে বলেও মনে করেন ইভা মারি। তার মতে, সন্তান থাকলে বিচ্ছেদ আরও জটিল, চাপপূর্ণ ও আবেগঘন হয়ে উঠতে পারত।
ইভা মারির পেশাগত জীবনেও এসেছে পরিবর্তন। ডব্লিউডব্লিউইতে দুই দফায় প্রায় পাঁচ বছর কাজ করার পাশাপাশি তিনি রেসলিংভিত্তিক রিয়েলিটি শো ‘টোটাল ডিভাস’-এ অংশ নিয়েছিলেন। ২০২৩ সালে তিনি ‘হোপাহলিকস’ পডকাস্টের সহ-উপস্থাপক হিসেবে যুক্ত হন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেগুনা বিচে এনইএম রিকভারি সেন্টার প্রতিষ্ঠা করেন।
বর্তমানে নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়েও ব্যস্ত রয়েছেন এই তারকা। সাবস্ক্রিপশনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘পাসেস’-এ যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি ডব্লিউডব্লিউইর সামারস্ল্যাম ২০২১-এ পরা তার পরিচিত গোলাপি পোশাকটি নিলামে তুলেছেন। নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ নিজের পুনর্বাসনকেন্দ্রে দান করার পরিকল্পনা রয়েছে তাঁর, যাতে কেউ চিকিৎসা নেওয়ার সুযোগ পান।
ইভা মারি জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আবারও রেসলিং রিংয়ে ফিরতে কিংবা রিয়েলিটি টেলিভিশনে কাজ করতে আগ্রহী। তবে আপাতত নিজের নতুন জীবন ও ব্যবসায়িক উদ্যোগেই মনোযোগ দিচ্ছেন তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |