প্রতিবেদক: বুলবুল আহমেদ
গত মার্চ মাসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গ্যালারি থেকে মুসলিমদের লক্ষ্য করে বৈষম্যমূলক ও ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ার ঘটনায় কঠোর শাস্তির মুখে পড়েছে স্পেন ফুটবল ফেডারেশন (RFEF)। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) স্প্যানিশ ফেডারেশনকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা করার পাশাপাশি তাদের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন ফাঁকা বা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
গত ৩১ মার্চ স্পেনের বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মিশর জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল স্পেন। গোলশূন্য ড্র হওয়া ওই ম্যাচের প্রথমার্ধের প্রায় দশ মিনিটের মাথায় স্পেনের একদল উগ্র সমর্থক গ্যালারিতে দাঁড়িয়ে ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন অবমাননাকর ও বৈষম্যমূলক স্লোগান দেওয়া শুরু করেন। পরবর্তীতে ম্যাচের দ্বিতীয় অর্ধেও একই স্লোগান পুনরাবৃত্তি করা হয়।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের এই ধরনের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকার জন্য একাধিকবার সতর্কবার্তা প্রচার করা হয়। তবে দুঃখজনকভাবে, সেই সতর্কবার্তার বিপরীতে গ্যালারির একটি অংশ থেকে উল্টো দুয়ো ও কটূক্তি ছুড়ে দেওয়া হয়েছিল।
ম্যাচ শেষে ঘটনাটি আমলে নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করে ফিফা। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই ধরনের স্লোগানকে স্পষ্টতই ‘ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী (Xenophobic)’ হিসেবে চিহ্নিত করে।
যদিও ঘটনার পরপরই স্প্যানিশ ও মিশরীয় ফুটবল ফেডারেশন যৌথভাবে এর নিন্দা জানিয়েছিল, তবে ফিফার শাস্তিমূলক কমিটির কাছে পাঠানো লিখিত জবাবে স্প্যানিশ ফেডারেশন দাবি করে যে— ওই স্লোগানগুলো নাকি গুরুতর কোনো বৈষম্যমূলক আচরণের পর্যায়ে পড়ে না!
তবে স্পেনের এই যুক্তি সম্পূর্ণ নাকচ করে দেয় ফিফা কমিটি। কমিটির জোরালো পর্যবেক্ষণ ছিল যে, গ্যালারির ওই স্লোগান কোনোভাবেই ‘নিরীহ’ বা হালকা ধরনের ছিল না, বরং তা একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর প্রতি চরম অবমাননা।
ফিফার রায়ের বিধান অনুযায়ী স্পেনের ওপর যে শাস্তিগুলো কার্যকর হবে: ১. আসন বন্ধ রাখা: স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার অন্তত ১৫ শতাংশ আসন ফাঁকা বা বন্ধ রাখতে হবে। এই আসনগুলোর সিংহভাগই থাকবে দুই গোলপোস্টের পেছনের গ্যালারিতে। তবে ফিফার বিশেষ অনুমোদন সাপেক্ষে ওই নির্দিষ্ট আসনগুলোতে পরিবার, স্কুলছাত্র, শিক্ষার্থী কিংবা বর্ণবাদবিরোধী সামাজিক সংগঠনের প্রতিনিধিদের বসানোর সুযোগ রাখা যেতে পারে। ২. আর্থিক জরিমানা: স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জরিমানা বাবদ ফিফাকে পরিশোধ করতে হবে ২০ হাজার ডলার।
শাস্তি কার্যকরের সম্ভাব্য সময়:
স্পেন জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সম্ভাব্য সময় নির্ধারিত রয়েছে আগামী জুন মাসে। তবে দলটি যদি উয়েফা নেশনস লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, তবে এই শাস্তির কার্যকারিতা কিছুটা পেছাতে পারে। সে ক্ষেত্রে আগামী বছর ইউরো ২০২৮-এর বাছাইপর্বের ফাঁকা আন্তর্জাতিক উইন্ডোতে এই শাস্তি বাস্তবায়ন করা হবে।
খেলার মাঠে বর্ণবাদ ও ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে ফিফার এই কড়া পদক্ষেপ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বড় একটি বার্তা দিল বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |