নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬
রাশিয়ার তিভের অঞ্চলের উদোমলিয়া হ্রদে অনুষ্ঠিত হয়েছে রোসাটমের চতুর্থ আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্ট। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১১টি দেশের শৌখিন মৎস্য শিকারিরা অংশ নেন।
প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি বেলারুশ, হাঙ্গেরি, ভিয়েতনাম, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, উজবেকিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মোট ২২ জন অ্যাঙ্গলার মাছ ধরার দক্ষতা প্রদর্শন করেন। অনুষ্ঠানে ২৮ জন সাংবাদিক ও বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন।
উদোমলিয়া হ্রদটি কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং ওয়াটারের উৎস হিসেবে ব্যবহৃত হয়। প্রতিযোগিতার সময় ধরা মাছগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কালিনিন এনপিপির পরিবেশ সুরক্ষা ও বিকিরণ পর্যবেক্ষণ বিভাগের প্রতিনিধিরা মাছের রেডিয়েশন মাত্রা পরীক্ষা করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, পরীক্ষায় মাছগুলো নিরাপদ বলে নিশ্চিত করা হয়।
প্রতিযোগিতায় মালয়েশিয়ার দল ১ দশমিক ৭ কেজি ওজনের একটি পাইক-পার্চ মাছ ধরে ‘বিগেস্ট ফিশ’ ক্যাটাগরিতে বিজয়ী হয়। হাঙ্গেরি পায় ‘উইল টু উইন’ পুরস্কার। আর স্থানীয় প্রজাতির সর্বোচ্চ সংখ্যক মাছ ধরায় ‘বিগেস্ট ক্যাচ’ ক্যাটাগরিতে জয় পায় রাশিয়ার দল।
টুর্নামেন্টে অংশ নেওয়া মৎস্য শিকারিদের কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। তারা কেন্দ্রটির ৩ ও ৪ নম্বর ইউনিটের টার্বাইন হল ও কন্ট্রোল রুম ঘুরে দেখেন। পাশাপাশি কুলিং টাওয়ার পরিদর্শন এবং প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা মস্কোর অ্যাটম মিউজিয়াম, প্রকল্পের আশপাশের ঐতিহাসিক স্থান এবং উদোমলিয়া জাদুঘর পরিদর্শন করেন।
রোসাটম ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের কমিউনিকেশনস বিভাগের উপমহাপরিচালক আলেকজান্দ্রা ইউস্টাস বলেন, আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টটি রোসাটমের অন্যতম শিক্ষামূলক আয়োজন হয়ে উঠেছে। এর মাধ্যমে পারমাণবিক শক্তির পরিবেশগত দিকগুলো তুলে ধরার পাশাপাশি পারমাণবিক শক্তির উন্নয়ন নিয়ে কাজ করা দেশগুলোর মানুষের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হয়।
কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উদোমলিয়া হ্রদের দক্ষিণ তীরে অবস্থিত। এর স্থাপিত উৎপাদন ক্ষমতা ৪ হাজার মেগাওয়াট। কেন্দ্রটি জলজ সম্পদ সংরক্ষণসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০২৫ সালে কেন্দ্রটির উদ্যোগে চারটি মাছ অবমুক্তকরণ কর্মসূচি পরিচালনা করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এর ফলে উদোমলিয়া ও পার্শ্ববর্তী পেসভো হ্রদে মাছের মজুত বর্তমানে প্রায় ৭৪০ টনে দাঁড়িয়েছে।
রোসাটমের বার্ষিক এই ফিশিং টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী ও বিশেষজ্ঞরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম, পরিবেশ পর্যবেক্ষণ এবং স্থানীয় উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ পান।
সূত্র: কালবেলা
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |