: ইন্টারের কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই
প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
ইতালির কিংবদন্তি ফুটবলার ও ইন্টার মিলানের সাবেক ফরোয়ার্ড সান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার এক বিবৃতিতে মাজ্জোলার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান।
নিজের পুরো ১৭ বছরের পেশাদার ক্যারিয়ার ইন্টারেই কাটিয়েছেন মাজ্জোলা। ক্লাবটির জার্সিতে ৫৬৫ ম্যাচ খেলে ১৫৮ গোল করেছেন তিনি। তার অবদানে ইন্টার জিতেছিল চারটি সিরি আ শিরোপা ও দুটি ইউরোপিয়ান কাপ।
ইন্টার এক বিবৃতিতে মাজ্জোলাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছে। ক্লাবটির ভাষ্য, শৈশবেই ইন্টারে যোগ দেওয়া মাজ্জোলা কখনোই নেরাজ্জুরিদের ছেড়ে যাননি।
১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন মাজ্জোলা। দুই বছর পর মেক্সিকো বিশ্বকাপেও ইতালিকে ফাইনালে তুলতে ভূমিকা রাখেন তিনি। জাতীয় দলের হয়ে ৭০ ম্যাচে ২২ গোল করেছিলেন এই সাবেক তারকা।
মাজ্জোলার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল এক বেদনাবিধুর অধ্যায়ও। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন ইতালির বিখ্যাত ‘গ্রান্দে তোরিনো’ দলের অধিনায়ক। ১৯৪৯ সালের সুপারগা বিমান দুর্ঘটনায় তোরিনোর পুরো দলসহ প্রাণ হারান ভ্যালেন্তিনো। তখন সান্দ্রোর বয়স ছিল মাত্র ছয় বছর।
জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে কিশোর বয়সে ইন্টারের সিনিয়র দলে অভিষেক হয় মাজ্জোলার। সেই ম্যাচে ইন্টার ৯-১ গোলে হারলেও পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। এরপর দ্রুতই ইন্টারের মূল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।
১৯৬৪ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন মাজ্জোলা। পরের মৌসুমে ইন্টারের ইউরোপিয়ান শিরোপা ধরে রাখার অভিযানেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।
১৯৭৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পরও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন মাজ্জোলা। ইন্টারের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাবার পুরোনো ক্লাব তোরিনোতেও একই দায়িত্বে কাজ করেছেন তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |