আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | দুপুর ২:২৯ পিএম
মন্ত্রী হিসেবে নিজের রাষ্ট্রীয় পদমর্যাদা ও প্রোটোকল একপাশে রেখে এক ক্ষুধার্ত শিশুর অন্তিম কান্নায় অভূতপূর্ব সাড়া দিয়েছেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকবিষয়ক মন্ত্রী সীতা বাদি। কাঠমান্ডুর একটি শিশু হোম আকস্মিক পরিদর্শনে গিয়ে ১৭ দিন বয়সি এক নবজাতককে কান্নারত অবস্থায় দেখে তিনি নিজ বুকে জড়িয়ে ধরে স্তন্যপান করান। মন্ত্রীর এই মানবিক ও হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে প্রশংসার বন্যায় ভাসছেন তিনি।
কাঠমান্ডুর ওই শিশু হোমে মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা অসহায় ও এতিম শিশুদের পরিচর্যা করা হয়। সম্প্রতি শিশু হোমটির চরম অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা বিছানা এবং বৃষ্টির পানি পড়ার সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে সেখানে পরিদর্শনে যান মন্ত্রী সীতা বাদি।
পরিদর্শনের ঠিক সেই মুহূর্তে ক্ষুধার জ্বালায় ১৭ দিন বয়সি একটি ফুটফুটে কন্যাসন্তান একটানা কেঁদে চলেছিল। হোমে শিশুটিকে তাৎক্ষণিকভাবে খাওয়ানোর মতো কোনো বিকল্প দুধের ব্যবস্থা না থাকায় এক মুহূর্তও দেরি করেননি মন্ত্রী। কোনো রাখঢাক না রেখে হোমের সাধারণ ও নোংরা বিছানাতেই বসে শিশুটিকে কোলে তুলে নেন এবং স্তন্যপান করান।
মায়ের উষ্ণ স্পর্শ পেতেই কান্না থামিয়ে শান্ত হয়ে যায় নবজাতকটি। একপর্যায়ে মন্ত্রীর কোলেই গভীর ঘুমে তলিয়ে যায় শিশুটি। এই ঘটনার পর আবেগাপ্লুত হয়ে মন্ত্রী সীতা বাদি গণমাধ্যমকে জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর তার নিজের সন্তানের মতোই মনে হয়েছে। এখন থেকে এই শিশুটির সার্বিক লালন-পালনের দায়িত্বও তিনি ব্যক্তিগতভাবে নেবেন বলে ঘোষণা দেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, মন্ত্রী সীতা বাদি নিজেও জীবনের শুরুতে এমন একটি শিশু হোমে বড় হয়েছেন। নিজের শৈশবের কঠিন পথ পেরিয়ে মাত্র ১২ বছর বয়স পর্যন্ত হোমে থেকে পড়াশোনা করে আজ তিনি নেপালের মন্ত্রীর গুরুদায়িত্বে পৌঁছেছেন।
এদিকে পরিদর্শন শেষে ওই শিশু হোমে থাকা ১৫ দিন থেকে ২ বছর বয়সি অন্তত ২০টি শিশুর উন্নত চিকিৎসাসেবা এবং পুষ্টি নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি পুরো প্রতিষ্ঠানটি দ্রুত সংস্কার ও নতুন করে সাজানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এই নারী মন্ত্রী।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |