কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিরাপত্তাজনিত কারণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কুয়েট প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের পর থেকে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। সকাল থেকেই ভারি ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে শিক্ষার্থীরা হল থেকে বের হতে থাকেন। অনেক শিক্ষার্থী জানান, প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা ক্যাম্পাস ছাড়ছেন, তবে তাদের দাবির প্রতি তাদের অটল থাকার ঘোষণা দিয়েছেন।
এক শিক্ষার্থী বলেন, "আমরা প্রশাসনের নির্দেশ মেনে হল ছাড়ছি, তবে আমাদের দাবি আদায়ের আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবির বিষয়ে সোচ্চার থাকব।"
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে। এই ঘটনার জেরে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে আন্দোলন শুরু করেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হওয়া এই মিছিল আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা তখন ঘোষণা দেন, তারা হল ছাড়বেন না। তবে, বুধবার সকাল থেকে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। যদিও সকল শিক্ষার্থী হল ছাড়েন কিনা, তা নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা মাইকে ঘোষণা দেন, বাসভবনে অবস্থান করা সবাইকে বাইরে আসতে হবে। দুপুর ১২টার দিকে শিক্ষকরা বাসভবন থেকে বের হয়ে আসেন এবং গেটে তালা লাগানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বৈঠকে বসে এবং পরে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে দাবি জানানোর আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
বর্তমানে কুয়েট শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। কুয়েট প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |