জাহিদুল ইসলাম: বিএনপি শহীদ জিয়ার চেতনাকে ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে
প্রতিবেদনকারি: বিডিএস বুলবুল আহমেদ
বগুড়া, ৪ ডিসেম্বর ২০২৫:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতির কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন; তবে বর্তমানে বিএনপি শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি এসব মন্তব্য করেন বৃহস্পতিবার বিকালে বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
জাহিদুল ইসলাম বলেন, “ইসলামী ছাত্রশিবির জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। আমরা জীবনবাজি রেখে শহীদদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষকে খুন, গুম করা হয়েছে। শত শত শিবির নেতাকর্মীকে খুন করা হয়েছে, অগণিত নেতাকর্মীকে গুম করা হয়েছে। অনেকের খোঁজ এখনও পাওয়া যায়নি।”
শিবির সভাপতি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।”
এছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, “দেশের জন্য তার অবদান অপরিহার্য, এবং নতুন বাংলাদেশের জন্য তার ভূমিকা অমূল্য।”
বিশেষ অতিথি ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। এ দেশে আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বা সন্ত্রাসীর ঠাঁই হবে না।”
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ছাব্বিশ জুলাইয়ের আগের রাজনীতি আর চলবে না। দেশের মানুষ নতুন ধারার রাজনীতি চায়। যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম, তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।”
চাকসু ভিপি ইবরাহীম রনি বলেন, “ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুজন বাংলাদেশি হত্যা করেছে। এরপর দেশের বড় দলের দাবিদার রাজনৈতিক দল একটি বিবৃতিও দিতে পারেনি। দেশের ছাত্রসমাজ কোনো তাঁবেদার ক্ষমতায় দেখতে চায় না।”
সূত্র:
ইসলামী ছাত্রশিবির, বগুড়া
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |