মাসুদ সাঈদী: আমরা সবাই একসাথে ফ্যাসিবাদবিরোধী শক্তির অংশ, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে”
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “আমরা কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির কর্মী—কিন্তু আমাদের লক্ষ্য একটাই, স্বাধীন বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা।”
শনিবার (২১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভিন এবং সঞ্চালনা করেন ইউপি সচিব সুমন শিকদার। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য নাগরিকরা।
মাসুদ সাঈদী বলেন, “আজ আমরা এমন এক বাংলাদেশে আছি, যার রাজনৈতিক ইতিহাস দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের সাক্ষী। ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই করেছি।” তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন বিরোধী মতের মানুষকে নির্যাতন, হত্যা, গুম, মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু প্রতিটি নির্যাতনের পর আমরা আরও ঐক্যবদ্ধ হয়েছি, আরও দৃঢ় হয়েছি।”
তিনি আরও জানান, “যখন জনগণের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে, তখনই আমাদের ঐক্য নষ্ট করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।” তিনি সতর্ক করে বলেন, “শেখ হাসিনা ও তার সহযোগীরা জনতার রোষে দেশ ছেড়ে পালিয়েছে। এখন তারা ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে ঐক্যের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে। আমাদের সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে।”
মাসুদ সাঈদী গঠনমূলক সমালোচনার গুরুত্ব তুলে ধরে বলেন, “গঠনমূলক সমালোচনা ও মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য। তবে তা যেন আমাদের ঐক্যকে দুর্বল না করে। দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই, ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একই পতাকার নিচে দাঁড়াক, শহীদদের রক্তে রঙিন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলুক।”
স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমরা এমন এক দেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্ন মতের জন্য কেউ নির্যাতিত হবে না। যেখানে থাকবে ইনসাফ, ন্যায়নীতি ও সুশাসন—দুর্নীতি ও স্বৈরতন্ত্রের পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”
তিনি বলেন, “আজ আমাদের অঙ্গীকার হোক—বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একসাথে ছিলাম, আছি এবং থাকব—যতদিন না এই দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে যায়, যতদিন না আমরা সত্যিকারের ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |