ভাষাসৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) গভীর রাতে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
সোমবার (১৮ আগস্ট) সকালে ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান ডা. এ এম শামীম জানান, আহমদ রফিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। তবে তার কিডনি জটিলতা রয়েছে এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে নেই।
তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২০১৯ সালে চোখে অস্ত্রোপচার করলেও দৃষ্টি কমতে শুরু করে এবং ২০২৩ সাল থেকে তিনি প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েন। এর ফলে লেখালেখি বন্ধ হয়ে যায়, যা তাকে মানসিকভাবেও বিপর্যস্ত করে।
আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ছিলেন ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী, কবি, প্রাবন্ধিক, গবেষক ও বহুমাত্রিক লেখক। রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে তার গভীর গবেষণা তাকে দেশের অন্যতম রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে পরিচিত করেছে।
তার লেখা ও সম্পাদিত বইয়ের সংখ্যা শতাধিক। ভাষা আন্দোলনের ইতিহাস, সাহিত্য, প্রবন্ধ ও গবেষণার মাধ্যমে তিনি বাঙালি সংস্কৃতি ও ভাষার ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন।
আহমদ রফিকের স্ত্রী ২০০৬ সালে ইন্তেকাল করেছেন। তিনি নিঃসন্তান। বর্তমানে জীবনের শেষভাগে তিনি একাই ছিলেন নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায়। নিজের লেখা ও সংগ্রহ করা অসংখ্য বই ছাড়া আর কোনো সম্পদও নেই তার।
আহমদ রফিক শুধু ভাষাসৈনিক নন, তিনি ছিলেন মুক্তবুদ্ধির কণ্ঠস্বর। দৃষ্টিশক্তি হারানো এবং শারীরিক অসুস্থতা তার সৃজনশীল জীবনকে থামিয়ে দিলেও তার সাহিত্যকীর্তি এবং গবেষণা বাঙালির জাতীয় ইতিহাসে অমর হয়ে থাকবে। তার অসুস্থতা ভাষা আন্দোলনের উত্তরসূরি প্রজন্মের জন্য এক গভীর বেদনার খবর।
ল্যাবএইড হাসপাতাল, আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম (১৮ আগস্ট ২০২৫)
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |