প্রকাশকাল: ১৮ জুলাই ২০২৫ | সংবাদদাতা: আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লি ও প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়, এই হুমকির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন সতর্কতা হিসেবে স্কুলগুলোতে তল্লাশি চালাচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে দিল্লির প্রায় ৫০টি স্কুলে বোমা হামলার হুমকি আসে। সিভিল লাইনের সেন্ট জেভিয়ার্স, রোহিণীর দ্য সোভেরিন স্কুল ও পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুলসহ অন্তত ১০টি নামকরা স্কুলে ই-মেইল পৌঁছায়। সূত্র জানায়, এটি টানা চতুর্থ দিনের মতো দিল্লির স্কুলগুলোতে এমন হুমকি পাওয়া গেল।
পাশাপাশি, বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর, কেঙ্গেরি এবং আশেপাশের অন্তত ৪০টি স্কুলেও একই ধরনের হুমকি মেইল পাঠানো হয়েছে। এতে বলা হয়, ‘স্কুলের ভেতরে টিএনটি বিস্ফোরক রাখা হয়েছে। শিক্ষার্থীদের কষ্ট দেওয়া হবে, কারণ তোমরা কষ্ট পাওয়ার যোগ্য।’ এসব ই-মেইল আসে ‘roadkill333@atomicmail.io’ ঠিকানা থেকে।
বেঙ্গালুরু পুলিশ জানায়, সতর্কতা হিসেবে প্রতিটি স্কুলে অনুসন্ধান দল পাঠানো হয়েছে। দিল্লিতেও বিস্ফোরক শনাক্তকারী দল এবং স্নিফার ডগ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বোমা বা বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এই হুমকিগুলোর অনেকগুলোই এনক্রিপ্টেড নেটওয়ার্ক ও VPN ব্যবহার করে পাঠানো হয়েছে, যার ফলে হুমকিদাতাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে জানান, এই হুমকিগুলো মূলত ডার্ক ওয়েব থেকে পরিচালিত হচ্ছে। “এটা অনেকটা আয়না ভরা ঘরে ছায়ার পিছে দৌড়ানোর মতো। যখনই মনে হয় শনাক্ত করা গেছে, তখনই অপরাধী আরও গভীরে ঢুকে পড়ে,” বলেন তিনি।
এর আগেও গত সপ্তাহে দিল্লির অন্তত ৬০টি স্কুলে এমন বোমা হুমকি এসেছিল, যা পরে মিথ্যা বলে প্রমাণিত হয়।
ভারতের শিক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে ‘সতর্ক থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার’ আহ্বান জানিয়েছে।
সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো ইতিমধ্যে ইন্টারনেট ইনভেস্টিগেশন ইউনিট ও সাইবার সেলকে ঘটনাগুলোর উৎস শনাক্ত করার নির্দেশ দিয়েছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |