পাকিস্তানে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। টিকটক অ্যাকাউন্ট না মুছায় নিজের ১৬ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছেন তার বাবা। শুক্রবার পুলিশের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে এই ঘটনা ঘটে।
এক পুলিশ মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মেয়েটির বাবা তাকে টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেন। সে অস্বীকৃতি জানালে, তিনি তাকে হত্যা করেন।’ পুলিশ তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, নিহত কিশোরী ‘পরিবারের সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড বা অনার কিলিং’-এর শিকার হয়েছে।
প্রথমদিকে মেয়েটির পরিবার ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে তদন্তে সত্য উদঘাটিত হলে মেয়েটির বাবাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার মাত্র এক মাস আগে আরেক কিশোরী টিকটক তারকা ১৭ বছর বয়সী সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ, এক ব্যক্তির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়। সানা ইউসুফ সোশ্যাল মিডিয়ায় ক্যাফে, স্কিনকেয়ার পণ্য ও ঐতিহ্যবাহী পোশাক নিয়ে ভিডিও করতেন এবং তার অনুসারীর সংখ্যা ছিল লাখের বেশি।
টিকটক পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ, বিশেষ করে কম শিক্ষিত জনসংখ্যার মধ্যে। অনেক নারী এই অ্যাপের মাধ্যমে নিজেদের উপার্জনের পথ খুঁজে পেয়েছেন, যা পাকিস্তানের মতো দেশে এক বিরল বিষয়। সেখানে নারীদের মাত্র এক চতুর্থাংশই আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে কাজ করেন। তবে মোবাইল ব্যবহারে নারীদের অংশগ্রহণ এখনও খুব কম। মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৫ অনুযায়ী, পাকিস্তানে মাত্র ৩০ শতাংশ নারীর ব্যক্তিগত স্মার্টফোন রয়েছে, যেখানে পুরুষদের মধ্যে এই হার ৫৮ শতাংশ—যা বিশ্বে সর্বোচ্চ ব্যবধান।
পাকিস্তানি টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) একাধিকবার টিকটক বন্ধ করেছে বা বন্ধের হুমকি দিয়েছে। বছরের শুরুতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে এক বাবা নিজের ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করেন। তার অভিযোগ ছিল, মেয়েটির টিকটকে আপলোড করা ভিডিওগুলো পরিবারের ‘সম্মানহানি’ ঘটিয়েছে।
এই ধারাবাহিক ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড দেশটির সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের মুখে নারীদের প্রতি সহিংস মানসিকতার একটি গভীর সংকটকে সামনে আনছে।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |