রাজনীতি ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আজ ১২ মে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করেছে।
সোমবার (১২ মে) নির্বাচন কমিশনের বৈঠক শেষে এক প্রজ্ঞাপন জারি করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,
“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে:
"স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১২ মে’র নির্দেশনা অনুসারে, আওয়ামী লীগের নিবন্ধন (নম্বর-০০৬, তারিখ: ০৩/১১/২০০৮) স্থগিত করা হলো।"
এই সিদ্ধান্তের ফলে, আওয়ামী লীগ এখন থেকে কোনো নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে না, যতদিন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারকার্য শেষ হয়।
এর আগে একই দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়:“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, প্রচার, মিছিল, সভা-সমাবেশ, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাসহ সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
“যে কেউ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে চায় বা মিছিল-সমাবেশ করে, তাহলে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন গত শনিবার আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হতে পারে।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে। এর মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকার একটি স্পষ্ট বার্তা দিল— মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় কোনো দল বা ব্যক্তির দায় এড়ানো যাবে না।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |