আন্তর্জাতিক ডেস্ক
মক্কা, ১০ মে ২০২৫
সৌদি আরবের ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষ (Presidency of Religious Affairs for the Two Holy Mosques) হজ ২০২৫ উপলক্ষে হাজিদের জন্য বিশেষ উদ্যোগ ‘এনরিচিং দ্য ফিল্ড পাথ’ চালু করেছে। এই কর্মসূচির লক্ষ্য—একটি সংযত, ভারসাম্যপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে নির্দেশিত হজ অভিজ্ঞতা বিশ্বজুড়ে হাজিদের কাছে পৌঁছে দেওয়া।
সৌদি প্রেস এজেন্সি এবং গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১০ মে) এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এই কর্মসূচির আওতায় ২০টিরও বেশি ডিজিটাল, শিক্ষামূলক, ধর্মীয় ও বিশ্বাসভিত্তিক সচেতনতা কর্মসূচি চালানো হবে। এগুলো বিভিন্ন ভাষায় হাজিদের কাছে উপস্থাপন করা হবে, যাতে বিশ্বজুড়ে হজযাত্রীরা নিজ নিজ ভাষায় সঠিক দিকনির্দেশনা পেতে পারেন।
হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লিকে সহায়তা দিতে সৌদি আরব দুই হাজারেরও বেশি প্রশিক্ষিত কর্মী নিয়োগ দিয়েছে, যারা ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক সংবেদনশীলতার ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
‘এনরিচিং দ্য ফিল্ড পাথ’ কর্মসূচিতে হজের মধ্যপন্থী বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাতটি বিশেষ ট্র্যাক উন্নত করা হয়েছে। এগুলোতে হজের শারীরিক ও মানসিক প্রস্তুতি, ধর্মীয় বিধান, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ডিজিটাল সরঞ্জাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে। এর মাধ্যমে হাজিরা মোবাইল অ্যাপ, মাল্টিমিডিয়া গাইড এবং ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তির সাহায্যে হজের রীতিনীতি সহজে অনুশীলন করতে পারবেন।
এই উদ্যোগের অন্যতম মূল বার্তা হলো—কঠোরতার পরিবর্তে কোমলতা, প্রজ্ঞা ও সহানুভূতির মাধ্যমে হজ পালনকে উৎসাহিত করা। সৌদি ধর্মীয় কর্তৃপক্ষ আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে হজ একটি আরও মানবিক, সুবিন্যস্ত এবং অর্থবহ অভিজ্ঞতায় রূপ নেবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |