ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা: সিন্ধু নদ ইস্যুতে হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে পর্যটকদের মৃত্যুর ঘটনায় যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন সিন্ধু নদ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল এক ঘোষণায় বলেন, পাকিস্তানে আর এক ফোঁটা পানিও যেতে দেবেন না তারা। এই ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন—“সিন্ধু নদে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।”
শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলার একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেখানে ভারতকে তীব্র ভাষায় আক্রমণ করে বিলাওয়াল বলেন, “সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বাস করে। আমরা কোনোভাবেই এই নদীর ওপর অধিকার ছাড়ব না।”
সম্প্রতি পহেল্গাম হামলার ঘটনায় ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি থেকে সরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। এই প্রসঙ্গে বিলাওয়াল মন্তব্য করেন, “নরেন্দ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের দাবি করলেও, প্রকৃত উত্তরসূরি পাকিস্তানের জনগণ। আন্তর্জাতিক মহল ভারতের যুদ্ধোন্মাদ মনোভাব এবং সিন্ধু নদে পানি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে কখনোই সমর্থন করবে না।”
তিনি আরও বলেন, “ভারত নিজ দেশের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ভারত সিন্ধু চুক্তি বাতিলের পথে হাঁটছে, যা আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক শান্তির পরিপন্থী।”
বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি, যা বিশ্বব্যাপী একটি সফল আন্তর্জাতিক চুক্তি হিসেবে বিবেচিত, তা থেকে একতরফা সরে আসা দক্ষিণ এশিয়ায় নতুন সংকট ডেকে আনতে পারে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কতদূর গড়ায় এবং কূটনৈতিকভাবে দুই দেশ কীভাবে পরিস্থিতি সামাল দেয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |