| বঙ্গাব্দ

লজ্জার নজিরে কোহলিকে পেছনে ফেললেন যশস্বী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 28259 বার পঠিত
লজ্জার নজিরে কোহলিকে পেছনে ফেললেন যশস্বী
ছবির ক্যাপশন: লজ্জার নজিরে কোহলিকে পেছনে ফেললেন যশস্বী

শূন্য রানে আউট হয়ে বিরাট কোহলিকে ছাড়িয়ে লজ্জার রেকর্ড যশস্বীর

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না যশস্বী জয়সওয়ালের। ভারত ‘এ’ দলের হয়েও সাদা পোশাকের ক্রিকেটে ব্যর্থ হয়েছিলেন এই তরুণ ওপেনার। নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটে ৮৫ রান করে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন। তবে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ হলেন তিনি। এবার শূন্য রানে আউট হয়ে গড়লেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। ছাড়িয়ে গেলেন স্বদেশি তারকা বিরাট কোহলিকেও।

শনিবার (২৮ নভেম্বর) ক্রাইস্টচার্চে মাত্র ছয় বল স্থায়ী হয় যশস্বীর ইনিংস। ম্যাট হেনরির প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন তিনি। তখনো ভারতের স্কোরবোর্ডে কোনো রান যোগ হয়নি।

এই শূন্য রানের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার সেনা দেশেই টেস্টে শূন্য রানে আউট হওয়া প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন যশস্বী। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে এই প্রথম ডাকের শিকার হলেন তিনি। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আটবার শূন্য রানে আউট হয়েছেন এই ভারতীয় ওপেনার।

সেনা দেশগুলোতে এটি যশস্বীর ১৪তম টেস্ট। এর মধ্যে ছয়বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পাঁচটি করে টেস্ট খেলে দুবার করে ডাকের শিকার হয়েছেন। দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্টে একবার শূন্য রানে ফিরেছেন। আর নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই প্রথমবার ডাকের শিকার হলেন।

নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে শূন্য রানে আউট হওয়া পঞ্চম ভারতীয় ওপেনার যশস্বী। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন ডব্লিউভি রমন, শিখর ধাওয়ান, পার্থিব প্যাটেল ও নভজ্যোত সিং সিধু।

ভারতের টেস্ট ওপেনারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার তালিকাতেও ক্রমশ উপরের দিকে উঠে আসছেন যশস্বী। আটবার ডাকের শিকার হয়ে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। একই সংখ্যক শূন্য রয়েছে মুরলী বিজয়ের নামের পাশেও।

এই তালিকার শীর্ষে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে পঙ্কজ রায়, তার নামের পাশে রয়েছে ১৪টি ডাক। সুনীল গাভাসকর ১১ বার এবং সিধু ৯ বার শূন্য রানে আউট হয়েছেন। এ ছাড়া সাতবার করে ডাকের শিকার হয়েছেন গৌতম গম্ভীর, কেএল রাহুল ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন যশস্বী। ক্রাইস্টচার্চে আউট হওয়ার আগে বিরাট কোহলি ও যশস্বী—দুজনেরই ডাকের সংখ্যা ছিল সাত। তবে এই ম্যাচের পর কোহলিকে ছাড়িয়ে আটটি শূন্য নিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে এককভাবে শীর্ষে উঠে এসেছেন যশস্বী। ৪৬ ম্যাচে সাতবার শূন্য রানে আউট হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। ছয়টি ডাক নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক ব্যাটার চেতেশ্বর পূজারা।

অন্যদিকে, ২৪ ম্যাচে সাতবার শূন্য রানে আউট হয়েছেন মোহাম্মদ শামি। তবে সব ধরনের ভারতীয় ক্রিকেটারকে বিবেচনায় নিলে তালিকার শীর্ষে রয়েছেন জাসপ্রিত বুমরাহ। ৪৪ ম্যাচে ২৩ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ৪৭ ম্যাচে ১৬টি ডাক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ সিরাজ।

অর্থাৎ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন যশস্বীর। আর সব ভারতীয় ক্রিকেটারকে ধরলে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক বুমরাহ।

 আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency