| বঙ্গাব্দ

৮টি গুলির ক্ষত নিয়ে আবারও লোকালয়ে অসুস্থ বন্য হাতি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 236 বার পঠিত
৮টি গুলির ক্ষত নিয়ে আবারও লোকালয়ে অসুস্থ বন্য হাতি
ছবির ক্যাপশন: টেকনাফ, কক্সবাজার, বন্য হাতি, বাহারছড়া, বন বিভাগ, বন্যপ্রাণী

পায়ে ৮টি গুলির ক্ষত নিয়ে আবারও লোকালয়ে অসুস্থ বন্য হাতি

কক্সবাজারের টেকনাফে পায়ে আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় হাতিটির উপস্থিতি দেখা যায়। এ সময় হাতিটি কয়েকটি সুপারি গাছ ও একাধিক ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ করেই হাতিটিকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখেন বাসিন্দারা। একপর্যায়ে এটি কয়েকটি সুপারি বাগানের গাছ ও ঘরবাড়ির ক্ষতি করে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কয়েকজন বাসিন্দা। অসুস্থ হাতিটির এমন বিচরণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত ১৮ নভেম্বর বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক দলের দুই দিনের প্রচেষ্টায় জাহাজপুরার দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান পাওয়া যায়। পরে ট্রাংকুলাইজারের মাধ্যমে হাতিটিকে অচেতন করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসার সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত এবং বুলেটের দানা পাওয়া যায়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই।

এ অবস্থায় অসুস্থ হাতিটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল রক্ষায় বন বিভাগের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, দ্রুত নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে হাতি ও মানুষের মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency