| বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার আইনগত পথ নিয়ে যা বললেন শিশির মনির

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 4240 বার পঠিত
শেখ হাসিনার দেশে ফেরার আইনগত পথ নিয়ে যা বললেন শিশির মনির
ছবির ক্যাপশন: বাগেরহাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আর কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। এ বিষয়ে বিভিন্ন বক্তব্যের বড় অংশই গুজব বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে এসব কথা বলেন শিশির মনির।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে কিংবা অন্য দেশে অপরাধ করে এ দেশে এলে, তিনি বন্দি থাকুন বা না থাকুন, সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশের কাছে হস্তান্তরের বিধান রয়েছে। এটিই বন্দি প্রত্যর্পণ চুক্তির মূল বিষয়।

শিশির মনির বলেন, অনেকেই মনে করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে কারাগারে বন্দি থাকতে হবে। এ ধারণা সঠিক নয়। চুক্তির আওতায় অপরাধী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা যায়। এ জন্য তাকে কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।

প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে শিশির মনির বলেন, ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ওই ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাজির করে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই করা হবে। নথিপত্র সঠিক ও গ্রহণযোগ্য হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন।

তিনি আরও বলেন, প্রত্যর্পণের আদেশের পর ভারতীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি ভাষায় নির্ধারিত এই স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিয়েন্স’ বলা হয়। নির্ধারিত সময় ও স্থানে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিশির মনিরের ভাষ্য, এ প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে দিন, তারিখ ও হস্তান্তরের স্থান নির্ধারণ করেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির এই প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তার বড় অংশ গুজব। আরেকটি বড় অংশ আইন সম্পর্কে না জেনে করা এলোমেলো মন্তব্য। যারা এসব মন্তব্য করছেন, তারা সঠিক করছেন না।

মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ এবং বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহসহ জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency