| বঙ্গাব্দ

মাওলানা ফজলুর রহমানকে কি গৃহবন্দি করেছে পাকিস্তান সরকার?

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 40841 বার পঠিত
মাওলানা ফজলুর রহমানকে কি গৃহবন্দি করেছে পাকিস্তান সরকার?
ছবির ক্যাপশন: মাওলানা ফজলুর রহমানকে কি গৃহবন্দি করেছে

মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়েছে কি না, পুলিশের কাছে জবাব চাইলেন হাইকোর্ট

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়েছে কি না, তা জানতে লাহোরের পুলিশপ্রধানের (সিসিপিও) কাছে জবাব চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে উদ্ধারের জন্য করা আবেদনের শুনানিতে আদালত বলেছেন, তাকে বেআইনিভাবে গৃহবন্দি করা হয়ে থাকলে তা অত্যন্ত গুরুতর বিষয়। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিণতি ভোগ করতে হবে।

বুধবার বিচারপতি আলী জিয়া বাজওয়া স্থানীয় আইনজীবী আবরার হুসাইনের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত জানতে চেয়েছেন, মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়ে থাকলে তার যথাযথ কারণ কী। এ বিষয়ে লাহোরের পুলিশপ্রধানকে নোটিশ দিয়ে জবাব দিতে বলা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের জীবন ও ব্যক্তিস্বাধীনতা হুমকির মুখে রয়েছে। তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের নির্দেশ দিতে আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ মামলায় পাঞ্জাবের আইজিপি, লাহোরের ডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করেন।

এর আগে লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবনে যাওয়ার পথ কনটেইনার দিয়ে বন্ধ করে দেয় পুলিশ। এতে তিনি বাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার লাহোর হাইকোর্ট বার সমিতির আয়োজনে সর্বদলীয় সম্মেলনে (এপিসি) তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাওলানা ফজলুর রহমান চৌং এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পে সিন্ধু প্রদেশের এক বন্ধুর বাসায় অবস্থান করছিলেন। পুলিশ ওই আবাসন প্রকল্পে যাওয়ার পথে কনটেইনার বসিয়ে রাস্তা বন্ধ করে দেয়। তবে পরে তার বাসভবনে যাওয়ার পথ থেকে কনটেইনার সরিয়ে নেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান দাবি করেন, তিনি রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছেন। পুরো লাহোর শহরে রাষ্ট্রীয় বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, লাহোর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সর্বদলীয় সেমিনারে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি তাকেও বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু রাস্তা বন্ধ, বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং চলাচলে বাধা দেওয়ার কারণে তিনি সেখানে যেতে পারছেন না।

এ পরিস্থিতিতে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের জন্য লাহোর হাইকোর্টে আবেদন করেন আইনজীবী আবরার হুসাইন। আবেদনে বলা হয়, সর্বদলীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও পুলিশ তার বাসা ঘেরাও করে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এতে তার জীবন ও ব্যক্তিস্বাধীনতা ঝুঁকির মুখে পড়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার ও সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা নিয়ে মাওলানা ফজলুর রহমানের কঠোর অবস্থানের কারণে তার পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে বলে অভিযোগ করেছে তার দল জমিয়তে উলামায়ে ইসলাম।

দলটির দাবি, সরকারের নীতির বিরোধিতা এবং রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। দুর্নীতির তদন্ত, তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের বক্তব্যকে রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে দলটি।

গত ৮ নভেম্বর মাওলানা ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়েরের সুপারিশ করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। পাকিস্তান পোস্টে অবৈধ নিয়োগের অভিযোগে তলবের পরও হাজির না হওয়ায় তাকে ইচ্ছাকৃতভাবে তদন্ত এড়িয়ে চলা ব্যক্তি হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। একই সঙ্গে তার নাম বিদেশযাত্রা নিয়ন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

এর আগে ১০ নভেম্বর জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাব) আসাদ মাহমুদকে তদন্ত দলের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তান পোস্টে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে এ তদন্ত চলছে। ওই সময় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন আসাদ মাহমুদ।

উল্লেখ্য, ২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাওলানা ফজলুর রহমান। তার দলও ওই সরকারের অংশ ছিল। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর নির্বাচনে কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জমিয়ত।

এরপর থেকে সরকারের বিভিন্ন নীতি এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর প্রভাব নিয়ে ধারাবাহিক সমালোচনা করে আসছেন মাওলানা ফজলুর রহমান।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency