প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলায় জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে শুধু নিষেধাজ্ঞা আরোপ যথেষ্ট নয় উল্লেখ করে ইসরাইলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মিডলইস্ট মনিটরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস সহিংসতায় জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন। তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন মামদানি।
নিউইয়র্কের মেয়র বলেন, যেসব বসতি স্থাপনকারী অসংখ্য ফিলিস্তিনির জীবন ও জীবিকা ধ্বংস করছেন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এর চেয়েও সামনে এগিয়ে যেতে হবে।
মামদানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করেছে, যাকে তিনি গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। এই বাস্তবতা মোকাবিলা করে মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার কথা রয়েছে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের। নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর প্রথম ১০০ দিনের মধ্যে ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসংক্রান্ত বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন তিনি।
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি পুনর্বিবেচনার দাবি উঠছে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে।
এমন পরিস্থিতিতে ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে মামদানি দলটির অভ্যন্তরীণ নীতিগত বিতর্কে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |