প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে ভারতের বাজারেও। ধারাবাহিকভাবে কমছে মূল্যবান এই ধাতুর দাম। স্পেনের বার্সেলোনাভিত্তিক আর্থিক সংবাদ সংস্থা এফএক্সস্ট্রিটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম।
গত এক বছরে স্বর্ণের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। ২০২৫ সালে ৫৩ বার নতুন রেকর্ড গড়ার পর চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে পৌঁছায়। তবে এরপর থেকেই শুরু হয় বড় ধরনের দরপতন।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে এসেছে। যা সর্বকালের সর্বোচ্চ দামের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম।
স্বর্ণের দাম কমার নেপথ্যে উচ্চ সুদের হার
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের সাম্প্রতিক দরপতনের অন্যতম প্রধান কারণ যুক্তরাষ্ট্রের বন্ড মার্কেট এবং উচ্চ সুদের হার।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) তাদের মূল সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছিল।
মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েলের মতে, ফেড এবার সুদের হার না বাড়ালেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম এখনো শেষ হয়নি। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছর পর্যন্ত আরও তিন দফায় মোট শূন্য দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়ানো হতে পারে।
বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টি. রো প্রাইসের কমোডিটি বিভাগের প্রধান রিক ডি লস রেয়েস মনে করেন, উচ্চ প্রকৃত সুদের হার স্বর্ণের দরপতনের অন্যতম কারণ। সুদের হার বাড়লে ডলার ও সুদ প্রদানকারী সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে।
স্বর্ণ সম্পদের মূল্য সংরক্ষণে ভূমিকা রাখলেও এটি থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। ফলে উচ্চ সুদের পরিবেশে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে অন্য সম্পদের দিকে ঝুঁকতে পারেন। এতে স্বর্ণের বাজারে বিক্রির চাপ বাড়ে এবং দাম কমতে পারে।
ভারতে স্বর্ণের বর্তমান দাম
এফএক্সস্ট্রিটের প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতে প্রতি গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১০ হাজার ৮৩৬ দশমিক ৬৭ রুপি। আগের দিন সোমবার এর দাম ছিল ১০ হাজার ৮৫৯ দশমিক ২২ রুপি।
অন্যদিকে প্রতি তোলা স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৬৫৯ দশমিক ৯০ রুপি থেকে কমে ১ লাখ ২৬ হাজার ৩৯৫ দশমিক ৮০ রুপিতে নেমেছে।
দাম কমায় গহনার দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়
ভারতে বর্তমানে বিয়ের মৌসুম চলায় স্বর্ণের দাম কমার সুযোগ কাজে লাগাচ্ছেন সাধারণ ক্রেতারা। এর ফলে বিভিন্ন গহনার দোকানে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগের সর্বোচ্চ দামে ফিরতে কত সময় লাগতে পারে?
অতীতের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামে ৩০ শতাংশের বেশি পতন ঘটলে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে যেতে কয়েক বছর সময় লাগতে পারে।
তবে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, মার্কিন ডলারের অবস্থান, কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার এবং ভূরাজনৈতিক উত্তেজনার ওপর স্বর্ণের ভবিষ্যৎ মূল্য অনেকাংশে নির্ভর করবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |