প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
যুক্তরাষ্ট্র ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও স্থিতিশীল করার চেষ্টা চালালেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা এখনো কমেনি। বিশেষ করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদার দেশগুলোর বিদ্যমান বিরোধের কারণে এ অঞ্চলে সংঘাতের আশঙ্কা রয়ে গেছে। পাশাপাশি নতুন কিছু ভূরাজনৈতিক ঝুঁকিও তৈরি হচ্ছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ অনুযায়ী, চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টা মূলত প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বৃহত্তর মার্কিন পররাষ্ট্রনীতির অংশ।
প্রতিবেদনে বলা হয়, এই নীতির ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নতুন নিষেধাজ্ঞা স্থগিত করেন। এর মাত্র এক মাস আগে সংশ্লিষ্ট আইনে স্বাক্ষর করেছিলেন তিনি।
এ ছাড়া গত আগস্টে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে আনেন ট্রাম্প। একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে পুনরায় বৈঠকে বসার আগ্রহও প্রকাশ করেন তিনি।
মার্কিন মিত্রদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ বেইজিং, মস্কো কিংবা পিয়ংইয়ংয়ের প্রতি ওয়াশিংটনের কোনো অভিন্ন নীতির প্রতিফলন নয়। বরং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং উত্তেজনা কমানোর বিষয়ে ট্রাম্পের আগ্রহের বহিঃপ্রকাশ।
এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থায়ও পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতা সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার আলোচনায় আঞ্চলিক দেশগুলোর নিজস্ব স্বার্থ কতটা গুরুত্ব পাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দক্ষিণ চীন সাগরে অব্যাহত উত্তেজনা
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে অবস্থান করার সময় দক্ষিণ চীন সাগরের ‘সেকেন্ড থমাস শোল’ এলাকায় নতুন করে উত্তেজনাকর ঘটনা ঘটে।
ওই ঘটনাকে কেন্দ্র করে ফিলিপাইন ও চীন পরস্পরবিরোধী বক্তব্য দেয়। দুই পরাশক্তির মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চললেও আঞ্চলিক বিরোধ যে এখনো অমীমাংসিত রয়েছে, ঘটনাটি তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্থিতিশীল সম্পর্কেও রয়ে গেছে ঝুঁকি
সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীলতা কিছু সংঘাতের ঝুঁকি কমাতে পারলেও তা নতুন ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের সামুদ্রিক ও আঞ্চলিক বিরোধগুলো সমাধান না হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।
বিশ্লেষকদের মতে, বর্তমান কূটনৈতিক সমঝোতা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাময়িক স্বস্তি এনে দিলেও একে স্থায়ী শান্তির নিশ্চয়তা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |