| বঙ্গাব্দ

বিপদে বাংলাদেশ, তিন অঙ্কে যাওয়া নিয়েই শঙ্কা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-11-2026 ইং
  • 61657 বার পঠিত
বিপদে বাংলাদেশ, তিন অঙ্কে যাওয়া নিয়েই শঙ্কা
ছবির ক্যাপশন: বাংলাদেশ, তিন অঙ্কে যাওয়া নিয়েই শঙ্কা

সেঞ্চুরিয়নেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, ৮৫ রানেই ৬ উইকেট নেই

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

একই দৃশ্যের পুনরাবৃত্তি। প্রথম টেস্টের দুই ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট হাতে চরম ব্যর্থ বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারছেন না নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা।

সোমবার সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৭ ওভার শেষে ৮৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে দলটি। চা-বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে আছেন কেবল জাকের আলী।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। পেসারদের জন্য সহায়ক উইকেটে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশের ব্যাটাররা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান (৩)। ৬ রানে প্রথম উইকেট হারানোর পর কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করেন মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার এক ওভারে টানা দুটি চারও মারেন তিনি।

তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়ে ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৪০ বলে ২৩ রান করা মাহফিজুলের বিদায়ের পর একই ওভারের শেষ বলে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

উইকেটে এসেই বাউন্ডারি মেরেছিলেন শান্ত। কিন্তু পরের বলেই নরকিয়ার শিকার হন তিনি। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর মুমিনুল হক ও নতুন ব্যাটার তাওহীদ হৃদয়ের ওপর ছিল ইনিংস সামলানোর দায়িত্ব।

তবে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ছিলেন না মুমিনুল। একবার এলবিডব্লিউর জোরালো আবেদন থেকে বেঁচে গেলেও রান তুলতে ভুগেছেন তিনি। শেষ পর্যন্ত উইয়ান মুল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন ৫১ বলে ১৮ রান করে।

দলীয় ৬০ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম টেস্টের দুই ইনিংসে শূন্য ও ১ রান করা মুমিনুলের ব্যাটে এবারও বড় ইনিংসের দেখা মেলেনি। টপ অর্ডারের ব্যর্থতায় আবারও কঠিন পরিস্থিতিতে পড়ে দল।

মুমিনুলের বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস। তাওহীদ হৃদয়ের সঙ্গে হাল ধরার চেষ্টা করেন তিনি। তবে ব্যর্থ হন দুজনই। ৭৩ রানের মাথায় ১৬ বলে ৮ রান করে ইয়ানসেনের শিকার হন লিটন। অন্যদিকে ৪২ বলে ১৯ রান করে আউট হন হৃদয়।

৮৫ রানে ৬ উইকেট হারিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছানো নিয়েও শঙ্কায় পড়েছে বাংলাদেশ। এমন শঙ্কা নিয়েই চা-বিরতিতে গেছে দলটি। ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে রয়েছেন জাকের আলী।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency